২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাব 'আত্মঘাতী': বিকেএমইএ

নতুন বাজেটে উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাবকে 'আত্মঘাতী' হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন বাজেটে উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাবকে 'আত্মঘাতী' হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠনটি দাবি করেছে, অর্থমন্ত্রী ও নীতিনির্ধারকদের পাশ কাটিয়ে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎসে আয়করের প্রস্তাব রেখেছে। সোমবার রাজধানীতে বিকেএমইএ কার্যালয়ে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফজলুল হক এ কথা বলেন। তিনি বলেন, "অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় উৎসে আয়কর সংগ্রহের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছেন। কিন্তু এনবিআর উৎসে আয়কর দশমিক ২৫ শতাংশের পরিবর্তে ১ শতাংশ করার প্রস্তাব রেখেছে।" "উৎসে আয়কর ১ শতাংশ করা হলে উৎপাদক খরচ বেড়ে যাবে। এতে রপ্তানি মূল্যের ওপর প্রভাব পড়বে। এতে আমাদের অর্ডার পেতেও সমস্যার সৃষ্টি করবে। এটা পুরোপুরি আত্মঘাতী সিদ্ধান্ত।" ফজলুল হক মনে করেন, উৎসে আয়কর বাড়ানো হলে নিটওয়্যার খাতে বিশ্বের বাজারে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকতে পারবে না। তিনি বলেন, "বিশ্বমন্দার কারণে যখন চীন ও ভারত তাদের রপ্তানিকারকদের জন্য নানা রকম সুবিধা দিচ্ছে, সেখানে আমাদের ট্যাক্স বাড়ানো হচ্ছে।" এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিকেএমইএ সভাপতি বলেন, "সবে মাত্র বিশ্বমন্দা থেকে ঘুরে দাঁড়ানো পোশাক শিল্পকে বাঁচাতে হলে দ্রুত এই প্রস্তাব প্রত্যাহার করতে হবে।" প্রস্তাবিত বাজেটকে সার্র্বিকভাবে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, "বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বরাদ্দ এবং রোডম্যাপ করা হয়েছে তাকে আমরা সমর্থন জানাই।" সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রপ্তানিকারকদের জন্য ডিজেলকে শুল্কমুক্ত রাখার দাবি জানানো হয়। এছাড়া পোশাক শিল্পের জন্য 'আক্রমণাত্মক' কৌশল তৈরি এবং এ খাতের জন্য মন্দা তহবিলে থোক বরাদ্দ রাখারও দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেবি/এমএসবি/১৭৩৫ ঘ.