২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্যয় জিডিপির ২০ শতাংশ করা হবে: অর্থমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে জাতীয় ব্যয় (বাজেটের আকার) জিডিপির ২০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩ বছরের মধ্যে জাতীয় ব্যয় (বাজেটের আকার) জিডিপির ২০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের সম্পুরক বাজেটের ওপর বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন তিনি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে চলতি অর্থবছরের ১১,৯৮৭ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকার সম্পুরক বাজেট প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। ২০১০-১১ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট (ব্যয়) প্রস্তাব করেছেন যা জিডিপির ১৬ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটের এ আকারকে উচ্চাভিলাষি হিসেবে আখ্যায়িত করেছে প্রধান বিরোধীদল বিএনপি। এছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেও অনেকে মত দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকারি ব্যয় (বাজেটের আকার) অত্যন্ত নিুমানের। গতবার আমরা বাড়িয়েছি, এবারও বাড়াচ্ছি। আগামী তিন বছরের মধ্যে আমাদের ব্যয় জিডিপির ২০ শতাংশে পৌঁছবে।" তিনি বলেন, "সমালোচনা অত্যন্ত ভালো। সমালোচনা করুক। সমালোচনা যে শিক্ষা দেয় তা অনেক সময় কাজে লাগানো যায়।" আগামী বাজেটে চিনির ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাবে ইতোমধ্যে চিনির দাম বাড়তে শুরু করেছে। এছাড়া চালসহ আরো কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাজেটের পর বেড়েছে। বাজেট প্রস্তাবের পর দাম বাড়ানোর মানসকিতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মুহিত বলেন, "বাজেট ঘোষণার সঙ্গে দাম বাড়ানোর কোন সম্পর্ক নেই।" বাজেট বাস্তবায়ন কঠিন হবে এরকম মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী সংসদকে বলেন, "আমাদের বাস্তবায়ন ক্ষমতা দুর্বল এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা সক্ষমতা আহরণ অনবরত করব।" চলতি বাজেটে ২৮ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি হবে জানিয়ে তিনি বলেন, "রাজস্ব আহরণের যে প্রাক্কলন তা অর্জন করতে সক্ষম হবো।" ২০০৯-১০ অর্থবছরের মঞ্জুরি দাবি প্রস্তাব গৃহীত সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত মঞ্জুরি দাবি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রস্তাবিত প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ১৪ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকা ও মন্ত্রীপরিষদ বিভাগ খাতে ১০ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রস্তাবিত সংস্থাপন মন্ত্রণালয় খাতে ৭৪ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকা। অর্থমন্ত্রী প্রস্তাবিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে ৫৭ কোটি ২৭ লাখ ১৫ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ২৭০ কোটি ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে ৪৯ কোটি ৫৩ লাখ ২ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচসি/আরএইচএন/এসইউএম/কেএমএস/১৩২৪ ঘ.