২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে রেকর্ড ২০০০ কোটি টাকা লেনদেন

ঢাকা শেয়ার বাজারে বুধবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 05:16 PM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শেয়ার বাজারে বুধবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনশেষে মোট লেনদেন দাঁড়ায় দুই হাজার দুইশ' ৮২ কোটি টাকা। এর দু'দিন আগে লেনদেন হয়েছিল এক হাজার আটশ' ৬৬ কোটি টাকা। শেয়ারের অভিহিত মূল্য একশ' টাকার পরিবর্তে দশ টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্তের ফলে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বেড়ে যায়। এতে দীর্ঘ দিনের মূল্য হ্রাসের প্রবণতা ছেড়ে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের বর্তমান অভিহিত মূল্য একশ' টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কিনতে বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির কারণে এ উচ্চ লেনদেন হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ২০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ১৩টিই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে এক দশমিক ৩২ শতাংশ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১১৭টির। তিনটির দাম অপরিবর্তিত আছে। সাধারণ মূল্যসূচক আগেরদিনের চেয়ে এক দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএইচ/ডিডি/এইচএ/২৩০৮ ঘ.