২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড বাণিজ্য মেলা শুরু বুধবার

রাজধানীর হোটেল শেরাটনে আগামী বুধবার শুরু হবে চার দিনব্যাপী 'থাইল্যান্ড বাণিজ্য মেলা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 09:39 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হোটেল শেরাটনে আগামী বুধবার শুরু হবে চার দিনব্যাপী 'থাইল্যান্ড বাণিজ্য মেলা'। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ এক্সপোর্ট প্রমোশন ও থাইল্যান্ড সরকার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করছে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত টাসানাওয়াদি মিয়ানচারোইন বলেন, এই মেলা শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, থাই সংস্কৃতির সঙ্গেও বাংলাদেশের মানুষকে পরিচিত হতে সাহায্য করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাণিজ্যিক লেনদেনের জন্য এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাইল্যান্ডের ৪৭টি উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কৃষি, কেমিক্যাল, ইলেকট্রনিক্স, গার্মেন্টস, জুয়েলারি, জুতা ও প্রসাধন সামগ্রী নিয়ে অংশ নেবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ মামুন বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরো দৃঢ় করা এবং দুদেশের সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ের উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে দুদেশের মধ্যে প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক আছে। এ সম্পর্ক আরো বৃদ্ধি করাই এ মেলার উদ্দেশ্য। বাণিজ্য মেলার পাশাপাশি ৫ মে (বুধবার) থেকে ১১ মে পর্যন্ত থাই সরকার ও হোটেল সোনারগাঁর উদ্যোগে সপ্তাহব্যাপী 'থাই খাদ্য প্রদর্শনী' চলবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/১৫৩৬ ঘ.