সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে আরো পণ্য আমদানি করে যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
লন্ডনে ব্রিটিশ মিনিস্টার অব স্টেট ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লর্ড ডেভিসের সঙ্গে বৈঠককালে তিনি এ আহবান জানান।
দুদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্যে ফারুক খান বর্তমানে যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে লন্ডনে রয়েছেন। সোমবার লর্ড ডেভিসের সঙ্গে বৈঠক করেন তিনি।
মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিটানিয়া হোটেলে বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারুক খান বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য অনেক বেড়েছে। বানিজ্য আরো বাড়ানোর সুযোগ আছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন লর্ড ডেভিস।
ফারুক জানান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে একশ কোটি পাউন্ড মূল্যের পণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ আমদানি করে ১০ কোটি পাউন্ডের পণ্য।
বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করার পদক্ষেপ নিতে ফারুক খান ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্সের এক বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ইকবাল আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডভাইজার এরিক চাইলডার হাউস, বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ব্রিটিশ হাইকমিশনের ডিরেক্টর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কেভিন রিংহ্যাম, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান প্রমুখ।
সেমিনারে ইকবাল আহমদ বলেন, আমরা বিবিসিসি থেকে ব্যবসায়ীদের জন্য একটি সেন্টার অব এক্সেলেন্স গড়ার চেষ্টা করছি, যেখানে আমরা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে পারি, সব ধরণের সহযোগিতা দিতে পারি।
আনোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশের দারিদ্র্য কমাতে বাণিজ্যই সহায়তা করতে পারে, সাহায্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৫ঘ.
bdnews24