ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্রঋণের উচ্চসুদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ক্ষুদ্রঋণের উচ্চসুদের হারের জন্য তদারকি ব্যবস্থাকে দায়ী করে তার ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন।
অর্থমন্ত্রী ও গভর্নর সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'মাইক্রোফিন্যান্স রেগুলেশনস: হু বেনিফিটস' শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অধ্যাপক কাজী খলীকুজ্জমান ক্ষুদ্রঋণের উচ্চসুদের বিষয়টি তুলে দরেন।
তিনি বলেন, "ক্ষুদ্রঋণের সুদের হার অনেক বেশি। ১০ শতাংশ সুদে ঋণ নিয়ে ৪৬ কিস্তিতে পরিশোধ করতে মোট কার্যকরী সুদ দিতে হয় ২৫ শতাংশ।"
ক্ষুদ্রঋণ বিতরণকারী অনেক প্রতিষ্ঠানের দক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গ্রহীতাদের ঋণের 'ফাঁদে' জড়িয়ে ফেলা ও বেশি সুদ নেওয়াসহ ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন অর্থমন্ত্রীও।
তিনি বলেন, "ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে, উচ্চ সুদের হার ও মাশুল, ঋণ ফাঁদ, কম প্রযুক্তি ব্যবহার।"
ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হওয়ার নজিরও কম বলে মনে জানান মন্ত্রী।
'মাইক্রোফিন্যান্স রেগুলেশনস' থেকে গরিবদের সুবিধা পাওয়া উচিত বলেও মন্তব্য করে তিনি বলেন, এখন শুধু গরিব দেশেই নয় উন্নত দেশেও ক্ষুদ্রঋণ কার্যক্রম চলছে।
অর্থমন্ত্রী জানান, দেশে ১৯৭৪ সালে প্রথম ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে ব্র্যাক। পরে গ্রামীণব্যাংক এর প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
আতিউর বলেন, "ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সুদ ও মাশুল বেশি নিচ্ছে এমন সমালোচনা প্রকৃত ঋণগ্রহীদের চেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের কাছ থেকেই বেশি আসছে।"
ক্ষুদ্রঋণ কার্যক্রম তদারকি করতে গিয়ে ব্যয় বাড়ছে আর সেই ব্যয় মেটাতেই সুদ বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, তদারকি খরচ কীভাবে কমানো যায় সে বিষয়ে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা সহায়তা করতে পারে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান আতিউর জানান, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলো দেশের ২৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে অর্থনৈতিক সেবা দিচ্ছে। এ সেবা ব্যাংক দিচ্ছে ৪৪ শতাংশকে এবং সমবায় দিচ্ছে ১০ শতাংশকে।
"মাইক্রোফিন্যান্স রেগুলেশনস: হু বেনিফিটস' শীর্ষক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে। এতে ৮টি সেশনে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।
ক্ষুদ্রঋণের ওপর দেশে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24