মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে চিংড়ি রপ্তানি অব্যাহত রাখতে ১২ দফা সুপারিশ দিয়ে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশকে এক মাস সময় দিয়েছে ইইউ প্রতিনিধি দল।
বাংলাদেশ ঘুরে যাওয়া প্রতিনিধি দলের সুপারিশগুলো গত সপ্তাহে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেকের কাছে পাঠিয়েছে ইইউ কর্তৃপক্ষ।
চিংড়ি পরীক্ষা সংক্রান্ত রাসায়নিক পরীক্ষাগারের (ল্যাবরেটরি) মান উন্নয়ন ও গবেষণাগারের ক্ষমতা বাড়ানো, ইইউ'র মান অনুযায়ী মৎস্য খাদ্য (ফিস ফিড) ও ওষুধের মান নির্ধারণ এবং ব্যবস্থাপত্র ছাড়া যত্রতত্র চিংড়ির ওষুধ বিক্রি বন্ধসহ ১২ দফা সুপারিশ করেছে ইইউ।
চার সদস্যের উচ্চ পর্যায়ের ওই ইইউ প্রতিনিধি দল গত ১৮ থেকে ২৮ জানুয়ারি বাংলাদেশ সফর করে।
ইইউ'র পাঠানো চিঠিতে সুপারিশের ওপর মহাপরিচালকের মতামতও জানাতেও বলা হয়েছে। মহাপরিচালক আব্দুল খালেক সুপারিশগুলো মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার চিংড়িতে নাইট্রো-ফিউরানসহ বিভিন্ন রাসায়নিকের উপস্থিতি রোধে আইন প্রণয়নসহ সম্ভব সব পদক্ষেপ নিয়েছে।"
চিংড়িতে নাইট্রো-ফিউরান জাতীয় বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হলে চিংড়ি রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কায় আগাম সতর্ক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ নিজেই রপ্তানি বন্ধ রাখে। এ বিষাক্ত পদার্থের বিস্তার রোধসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। এরপর ইউরোপের বাজারে বন্ধ থাকা গলদা চিংড়ি রপ্তানি দীর্ঘ ছয় মাস পর ফের শুরু হয় গত ১০ জানুয়ারি ।
গত ১৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে ইইউ প্রতিনিধি দল কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামের বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করে তারা মান নিয়ন্ত্রণের বিষয়েও নিশ্চিত হন। প্রতিনিধি দল চিংড়ি পরীক্ষা সংক্রান্ত রাসায়নিক পরীক্ষাগারও পরিদর্শন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে রপ্তানি শুরু হওয়ার পর গত দুই মাসে ৮২ কনটেইনারে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন গলদা চিংড়ি বেলজিয়াম, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ ইউরোপের বাজারে গেছে। এ চিংড়ির বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
গত দুই মাসে রপ্তানি হওয়া চালানের কোনো কনটেইনার এখনো ফেরৎ পাঠায়নি ইইউ।
২০০৯ সালে নাইট্রো-ফিউরানের উপস্থিতির কারণে বাংলাদেশের চিংড়িজাতীয় পণ্যের ৪২টি চালান ফেরৎ পাঠিয়েছিল ইইউ।
মৎস্য ও প্রাণিসম্পদ একজন যুগ্ম-সচিব জানান, ইইউ'র পরামর্শে ইতোমধ্যে দুই কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মান নিয়ন্ত্রণের জন্য আরেকটি লিকুইড ক্রোমাটোগ্রাফি-মাস স্পেক্ট্রোমেট্রি (এলসিএমএস) যন্ত্র কেনা হচ্ছে। একইসঙ্গে আগের যন্ত্রটিরও মান উন্নয়ন করা হয়েছে।
হিমায়িত চিংড়ি রপ্তানিকারকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ২০০১ সালে বাংলাদেশ থেকে রপ্তানি করা শুধু হিমায়িত মিঠাপানির গলদা চিংড়িতে 'নাইট্রো-ফিউরান' নামের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করে। তখন থেকে ইইউ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে তৎকালীন সরকার ও সংশি
bdnews24