২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছরের প্রথমার্ধে শতভাগ রাজস্ব আদায়

চলতি অর্থবছরের (২০০৯-১০) প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 10:25 AM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের (২০০৯-১০) প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জিত হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ডে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল এক বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য দেন। তিনি বলেন, "জানুয়ারি পর্যন্ত ৩১ হাজার ১২৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৭ শতাংশ।" অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ১৩৫ কোটি টাকা। অন্যদিকে ৬ হাজার ৭৭৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার স্থানে আয়কর আদায় হয়েছে ৭ হাজার ২৩ কোটি টাকা যা মোট রাজস্ব আদায়ের ২২ দশমিক ৫৬ শতাংশ। মূল্য সংযোজন কর থেকে রাজস্ব আদায় হয়েছে ১১ হাজার ৪৮৩ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ কোটি টাকা বেশি। তবে জুলাই-জানুয়ারি সময়ে আমদানি শুল্ক লক্ষ্যমাত্রা অল্পের জন্য অর্জিত হয়নি। লক্ষ্যমাত্রা ১২ হাজার ৬৩০ কোটি টাকা ধরা হলেও অর্জিত হয়েছে ১২ হাজার ৩৯৭ কোটি টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তাও কিছুটা কম হয়েছে। এসব খাত থেকে ২৭৩ কোটি টাকা অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এসেছে ২২১ কোটি টাকা। রাজস্ব আদায়ের এ পরিসংখ্যান তুলে ধরে কমিটির চেয়ারম্যান মুস্তফা কামাল বলেন, "উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় এনবিআর-র শূন্য পদ পূরণ করা যাচ্ছে না।" ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়কে বিষয়টির আইনগত সুরাহার সুপারিশ করেছে বলেও জানান তিনি। মুজিবনগর সরকারের বেশ কিছু কর্মকর্তাকে চাকরিচ্যূত করার আদেশের পর থেকে এনবিআর-র পরিদর্শক পদে নিয়োগ বন্ধ রয়েছে। ওই আদেশের বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা বিচারাধীন। মুস্তফা কামাল বলেন, "এনবিআর-র কর্মব্যপ্তি বৃদ্ধি পেলেও কয়েক দশক ধরেই এনবিআর-র লোকবল সেই আগের মতোই রয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৬২২ ঘ.