২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়বে: জরিপ প্রতিবেদন

বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বৃদ্ধির হার অন্তত ৮ শতাংশ হবে বলে এক জরিপে বেরিয়ে এসেছে। বাংলাদেশ ইনভেস্টম্যান্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) পরিচালিত ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন খাতে অন্তত ৬০ শতাংশ প্রতিষ্ঠান বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগের কথা ভাবছে। আগের বছর একই সময়ে এ হার ছিল ৫২ শতাংশ। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে বিআইসিএফ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসি-বি)-র যৌথ আয়োজনে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে দেখানো হয়, বিনিয়োগ, কর্মসংস্থান ও মুনাফার ধরন- এই তিনটি বিষয় বিবেচনায় গত তিন মাসে ১-১০০-র স্কেলে সূচক ৫১ থেকে বেড়ে ৫৬-এ দাঁড়িয়েছে। ব্যবসা-বাণিজ্যের তিনটি মূল ক্ষেত্র সম্পর্কে সারা দেশের ১ হাজার ৪৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর এ জরিপ চালানো হয়। এর আগে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে ৭০০ প্রতিষ্ঠানের ওপর জরিপ চালানো হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, শিল্প-কারখানা ও সেবা খাতে বিগত প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে বিনিয়োগ পরিস্থিতি ভালো হবে বলে দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেটে ব্যবসা পরিস্থিতি আগের প্রান্তিকের তুলনায় উন্নতি হবে বলেও প্রতিবেদনে বলা হয়। ১০০ পয়েন্টের মাপকাঠিতে ৫০-র বেশি পয়েন্টধারী ভালো, ৫০ পয়েন্টধারী স্থিতিশীল এবং এর নিচের অবস্থানে থাকলে মানদণ্ডের বিবেচনায় তা খারাপ বলে বিবেচিত হয়েছে। এ বিবেচনায় চট্টগ্রামের স্কোর আগের বছরের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৮৯ পয়েন্ট হয়েছে। তবে রাজশাহী আশানুরূপ স্কোর অর্জন করতে পারেনি। এ বিভাগের স্কোর ৬৫ পয়েন্ট। ২০১০ সালের প্রথম প্রান্তিকে রাজশাহী আরো ভালো করবে বলেও প্রতিবেদনে বলা হয়। শিল্প-কারখানা ও সেবা খাতের উপর পরিচালিত এ জরিপে দুই খাতের পাশাপাশি উপ-খাত হিসেবে বস্ত্র, তৈরি পোশাক, খাদ্য, চামড়া, ওষুধ ও হালকা যন্ত্রপাতি উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া খুচরা ও পাইকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, হোটেল, টেলিকম, তথ্য-প্রযুক্তি খাতকে সেবা খাতের মধ্যে ধরা হয়েছে। বিআইসিএফ প্রধান জেমস ক্রিটল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অবকাঠামো সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, এমনটি করা হলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী এমএ তাসলিম বলেন, বৈশ্বিক মন্দার সময় বাংলাদেশের অর্থনীতি ভালোর দিকে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের সঙ্গে বিআইসিএফ-র এই জরিপের ফলের যথেষ্ট মিল রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, "এটি নীতি নির্ধারকদেরও যথেষ্ট কাজে আসবে।" বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-র সভাপতি ফজলুল হক জরিপের ত্র"টির কথা তুলে ধরে বলেন, এ জরিপ থেকে কোন খাতগুলোকে আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত সে রকম কোনো নির্দেশনা পাওয়া যায়নি। কিংবা উদ্যোক্তাদের বিষয়েও তেমন কিছু বলা হয়নি। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, প্রতিবন্ধকতা; বিশেষকরে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে না পারলে জরিপে যে প্রত্যাশা করা হয়েছে সেরকম নাও ঘটতে পারে। জবাবে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ এসব খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/জিএনএ/২২৪৫ ঘ.