ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার সাধারণ সূচকের ঊর্ধ্বগতির পর দিন শেষে আবার পড়ে যায়।
তবে গত দিনের চেয়ে সূচক সামান্য বেড়েছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে সূচক বেড়ে গেলেও পরে তা কমতে থাকে। লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৮২০৬ দশমিক ৩৭ এ, যা গত দিনের চেয়ে ১ দশমিক ২৯ পয়েন্ট বেশি।
মঙ্গলবার সারাদিনে ২৪৭টি কোম্পানির ১৩৬৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা গত দিনের চেয়ে তিন শতাংশ কম।
লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৫টির। ছয়টির দাম অপরিবর্তিত থাকে।
বাজার লেখচিত্রে কার্যদিবস শেষ হওয়ার আগমুহূর্তে সূচকের পতন দেখা যায়। দিন শুরুর প্রথম তিরিশ মিনিটে লেনদেন সূচকে আকস্মিক পতনের পর তা আবার ৯৬ পয়েন্ট বেড়ে যায়। দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠার পর দুপুর ২টা পর্যন্ত বাজার স্থিতিশীল থাকে।
দিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে আবার সূচকের পতন শুরু হয়। এ সময় ৪০ মিনিটে সূচক ৭১ পয়েন্ট পড়ে যায়।
লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ব্যাংক। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১২টিই ব্যাংক। এই খাতের মোট ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/জেবি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24