২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল ঘোষণা ছাড়াই চট্টগ্রাম চেম্বারের দায়িত্ব হস্তান্তর

ফলাফল ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচিত নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফল ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচিত নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সিসিসিআই মিলনায়তনে এর বার্ষিক সভায় বিদায়ী সভাপতি এম এ লতিফ চেম্বার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। নব নির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের নেতৃত্বে ২৪ সদস্যের পরিচালক মণ্ডলী ২০১১-২০১২ মেয়াদে এ দায়িত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার হাইকোর্ট সিসিসিআই নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর ১৯ দিনের স্থগিতাদেশ দেয়। নির্বাচনে পরাজিত পরিচালক পদপ্রার্থী আজফার আলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা ছাড়া দায়িত্বভার হস্তান্তরের বিষয়ে বিদায়ী সভাপতি এম এ লতিফ বলেন, "তফসিল অনুযায়ী ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ১১ ডিসেম্বরের মধ্যে কেউ কোনো আপত্তি জানায়নি। তাই গত ১৫ ডিসেম্বর নির্বাচনে বিজয়ীদের ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।" তিনি বলেন, "যেহেতু চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে, তাই দায়িত্ব হস্তান্তরে কোনো বাধা নেই।" বার্ষিক সভায় ফলাফল ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে এম এ লতিফ আরো বলেন, "আমরা এ বিষয়ে শুনেছি, তবে এখনও আদেশের কোনো অনুলিপি পাইনি।" বুধবার চেম্বারের বার্ষিক সভায় নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিলো। নবনির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, বার্ষিক সাধারণ সভায় ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র। এই এজেন্ডার কোনো প্রয়োজন নেই। তাই তা উপস্থাপিত হয়নি। সভায় এছাড়াও চেম্বারের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তিনটি এজেন্ডা উপস্থাপিত হয়েছে বলে জানান তিনি। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে সরকার দলীয় সাংসদ ও বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদ পরিচালক পদের সবকটিতেই জয়ী হয়। চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ নির্বাচনের দিন সকালে প্রক্সি ভোট দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা না মানার অভিযোগে নির্বাচন বয়কট করে। ৮ ডিসেম্বর পরিচালকমণ্ডলীর প্রথম সভায় মোরশেদ মুরাদ ইব্রাহিমকে সভাপতি, মাহাবুবুল আলমকে সিনিয়র সহ-সভাপতি ও নুরুন নেওয়াজ সেলিমকে সহ-সভাপতি নির্বাচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএ/এইচএ/১৭৩০ ঘ.