ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে রোববারের ধসের পর সূচকের ঊর্ধ্বগতির ধারা মঙ্গলবারও অব্যাহত ছিলো। দাম বেড়েছে বেশির ভাগ শেয়ারের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক মঙ্গলবার সকাল থেকে বাড়তে থাকে। দুপুরে তা কিছুটা কমলেও এরপরই আবার বাড়তে থাকে।
দিন শেষে সাধারণ সূচক ২০৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৬৮ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৬৯টির। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
ব্যাংক ও টেলিকম কোম্পানির শেয়ারের চাহিদার বৃদ্ধিতে সারাদিনে ১৬৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
রেকর্ড দরপতনের পরদিন সোমবারই ঘুরে দাঁড়ায় ঢাকার পুঁজিবাজার। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ৩০৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৯৫৯ দশমিক ২৭ পয়েন্টে।
সোমবার ২৪৫টি শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ২১১টির, কমে ৩১টির এবং অপরিবর্তিত থাকে ৩টির।
রোববার সাধারণ সূচক ৫৫১ পয়েন্ট কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করে। পরে বাজার স্থিতিশীল করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৬৩০ ঘ.
bdnews24