২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী জুট মিল ঘোরাবে ভাগ্যের চাকাও, আশা সিরাজগঞ্জবাসীর

বন্ধ হয়ে যাওয়া কওমী জুট মিল পুনরায় চালুর উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এ পাটকলের শ্রমিক-কর্মচারীসহ সিরাজগঞ্জের মানুষ। জানাচ্ছেন ইসরাইল হোসেন বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ইসরাইল হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হয়ে যাওয়া কওমী জুট মিল পুনরায় চালুর উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এ পাটকলের শ্রমিক-কর্মচারীসহ সিরাজগঞ্জের মানুষ। ঋণের ভারে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে বন্ধ করে দেওয়া এ পাটকল আগামী ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মিলটি সচল করার জন্য সরকার ৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সম্পন্ন হয়েছে মিলটির যন্ত্রাংশের মেরামত, অস্থায়ীভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পাটক্রয়সহ বেশিরভাগ কাজ। রাষ্ট্রীয় মালিকানাধীন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এ পাটকলটি বন্ধ হওয়ায় বেকার হয়েছিলেন প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী (নিয়মিত-অনিয়মিত)। যার প্রভাব পড়ে সিরাজগঞ্জসহ দেশের অর্থনীতিতে। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম পর্যায়ে মিলের এক নম্বর ইউনিটে উৎপাদন শুরুর জন্য পাঁচশ' ছোট তাঁত (লুম) প্রস্তুত করা হয়েছে। এসব লুম থেকে প্রতিদিন ৪৫ টন (চট, বস্তা) পাটজাত পণ্য উৎপাদিত হবে। এ কাজের জন্য অস্থায়ীভাবে প্রায় ১৫ শ' শ্রমিক-কর্মচারীকে দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মিলটি পুনরায় পুরোদমে চালু হলে প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। চাকরির আশায় বিভিন্ন পদের জন্য প্রায় ১০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। উদ্বোধনের পর নিয়োগ চূড়ান্ত করবে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি)। সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি সোহরাব আলী সুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলটি চালু হলে সিরাজগঞ্জের অর্থনীতি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। মিলের প্রকল্প প্রধান নূরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে মিলটি চালু করার জন্য বিজেএমসি থেকে পাট ও অনান্য মালামাল কেনা বাবদ ৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনের জন্য মিলটি এখন প্রস্তুত। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ঐতিহ্যবাহী কওমী জুটমিল চালু হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে। চাষীরা তাদের পাটের ন্যায্যমূল্য পাবে। যার ইতিবাচক প্রভাব সিরাজগঞ্জ জেলার পাশাপাশি দেশের অর্থনীতিতেও পড়বে।" ১৯৬০ সালে ৭৫ একর জমির ওপর নর্দান পিপলস্ জুট মিল নামে এ পাটকলটি প্রতিষ্ঠিত হয়। পরে নামকরণ করা হয় কওমী জুট মিল নামে। পাটকলটিতে পুরোদমে উৎপাদন শুরু হয় ১৯৬৩ সালে। প্রথমে মিলটি লাভজনক ছিলো। তবে ৮০'র দশকে সামরিক শাসনামল থেকে প্রতিবছর লোকসান হতে থাকে। ফলে বাড়তে থাকে ব্যাংক ঋণ। নবম সংসদ নির্বাচনে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী বন্ধ মিলটি পুনরায় চালু করার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪২০ ঘ.