ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও দেশের বাকি অংশের জন্য সয়াবিন তেলের দুই ধরনের মূল্য নির্ধারণ হয়েছে। মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর হবে, বলেছেন বাণিজ্যমন্ত্রী।
বৃহত্তর চট্টগ্রামের জন্য প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ হয়েছে ৮৪ টাকা। চট্টগ্রাম ছাড়া দেশের বাকি অংশে এ মূল্য হবে ৮৬ টাকা। মিলগেটে চট্টগ্রামের জন্য এ মূল্য ৮১ টাকা এবং ঢাকার জন্য ৮৩ টাকা।
বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে খোলা তেলের চেয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হবে।
সরকার নির্ধারিত খোলা তেলের মূল্যের ১৫ শতাংশ বেশি হিসেবে চট্টগ্রামে বোতলে প্রতি লিটার তেলের সর্বোচ্চ মূল্য হতে পারে ৯৬ টাকা ৬০ পয়সা। দেশের অন্যান্য স্থানে তা হতে পারে ৯৮ টাকা ৯০ পয়সা।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "ঢাকায় প্রতি লিটার খোলা সয়াবিন মিলগেটে ৮৩ টাকা এবং চট্টগ্রামের জন্য ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা ঢাকার খুচরা বাজারে সর্বোচ্চ ৮৬ টাকা এবং চট্টগ্রামের জন্য ৮৪ টাকা হবে।"
তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মূল্য সারাদেশের জন্য এবং চট্টগ্রামের মূল্য বৃহত্তর চট্টগ্রামের জন্য কার্যকর হবে।
বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় অপরিশোধিত তেল আনা এবং সারা দেশে পাঠানোর পরিবহন খরচ বিবেচনায় রেখে ঢাকাসহ সারাদেশের ক্ষেত্রে মূল্য বেশি রাখা হয়েছে।
ঢাকার বাজারে বর্তমানে বোতলে প্রতি লিটার সয়াবিন তেল ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা তেল প্রতি কেজি ৯৬-৯৭ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান মৌলভীবাজারের ব্যবসায়ীরা।
ফারুক খান বলেন, "আমরা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নিয়েছি।"
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভোজ্যতেল আমদানি ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকরা ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
'অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা'
কেউ অতিরিক্ত দাম নিলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম কাজ করছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করে। তাই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের একটি গঠন করা হয়েছে।"
ফারুক খান জানান, একমাস পর পার এ কমিটি বসে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে। তবে প্রথম বৈঠকটি হবে আগামী ১৫ দিন পর।
তিনি আরো বলেন, "এখন থেকে কেজি বা মনে কোনো ভোজ্যতেল বিক্রি হবে না। শুধুমাত্র লিটারের হিসাবে বিক্রি হবে।"
রোববার ঢাকার খুচরা বাজারে প্রতিলিটার খোলা সয়াবিনের মূল্য ৯১ থেকে ৯২ টাকা ছিল বলেও জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/এজে/পিডি/২১৩৪ ঘ.
bdnews24