২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটেক্সপো নিয়ে আশাবাদী বিজিএমইএ

তৈরি পোশাকের দেশে সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোতে এবার আগের চেয়ে বেশি সাড়া মিলবে বলে আশা করছে আয়োজক বিজিএমইএ। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এ মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাকের দেশে সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোতে এবার আগের চেয়ে বেশি সাড়া মিলবে বলে আশা করছে আয়োজক বিজিএমইএ। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এ মেলা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের সবচেয়ে জাঁকালো প্রদর্শনী ও মেলা হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা থাকলেও তার বিদেশ সফরের কারণে তা সম্ভবপর হচ্ছে না বলে বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এবারের মেলায় দর্শক ও ক্রেতা সমাগম বেশি হওয়ার আশা করে তিনি বলেন, "বাটেক্সপোর মাধ্যমে অর্জনের লক্ষ্যমাত্রা আগের বছরগুলোতে পুরোপুরিভাবে অর্জিত হয়েছে। আশা করছি, বিশ্ববাণিজ্য ব্যবস্থায় মহামন্দার প্রভাব বিরাজমান থাকলেও এবারের মেলায় আমাদের সার্বিক প্রত্যাশার পূরণ ঘটবে।" ২০০৯ সালের বাটেক্সপোতে বাংলাদেশের তৈরি পোশাকের ৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলারেরস্পট অর্ডার এসেছিলো। এবারে স্পট অর্ডার আরো বাড়বে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, "গতবারের চেয়ে এবারের মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, হংকং, জাপান, থাইল্যান্ড, ব্রাজিলের ৮৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট স্টলের সংখ্যা ১৩৭টি। মেলা চলাকালে সেমিনার, ফ্যাশন শো ও সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানান সালাম মুর্শেদী। চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে ২৮৮ কোটি মার্কিন ডলারেরও বেশি নিটপণ্য রপ্তানি হয়েছে। যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৯৭ শতাংশ বেশি। একই সময়ে বাংলাদেশ থেকে ২৩৪ কোটি মার্কিন ডলারেরও বেশি উভেনপণ্য রপ্তানি হয়েছে। যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৭০ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৪৮ ঘ.