২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ আকর্ষণে লন্ডনে সম্মেলন আয়োজন

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো লন্ডনে এক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 09:55 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো লন্ডনে এক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে। আগামী ২৬-২৭ নভেম্বর লন্ডনের কুইন এলিজাবেথ কনভেশন সেন্টারে 'মিট বাংলাদেশ- এশিয়ার পরবর্তী বৃহৎ সুযোগ' শীর্ষক এ সম্মেলন ও বিজনেস শো কেইসে দেশের কমপক্ষে ১৬টি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা যোগ দেবেন। ২৬ নভেম্বর শুক্রবার কুইন এলিজাবেথ হলে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম নামে একটি বেসরকারি কোম্পানির উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞরাও উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তা হিসাবে থাকবেন যুক্তরাষ্ট্রের গোল্ডম্যান স্যাকের ভাইস প্রেসিডেন্ট আনা স্টুপনিটসকা, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেসজেডাল, আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা সাচি অ্যান্ড সাচি'র স্ট্র্যাটেজিক প্ল্যানার গাইল গর্ডন। এছাড়া আলোচক হিসাবে থাকবেন- দেশের শীর্ষস্থানীয় কোম্পনিগুলোর কর্মকর্তারা। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। ব্র্যান্ড ফোরামের কর্মকর্তারা জানান, সম্পূর্ণ বেসরকারি এ উদ্যোগে সহযোগিতা করছে বেক্সিমকো, স্কয়ার, ব্র্যাক ও গ্রামীণফোনের মতো কোম্পানিগুলো। এছাড়া ব্রিটিশ কাউন্সিল, ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ক্যানারি হোয়ার্ফ লিমিটেডও তাদের অংশীদার হিসাবে রয়েছে। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সম্ভাবনার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগে উৎসাহিত করা হবে। ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, "যুক্তরাজ্যের মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা ও যৌথ ব্যবসায় উদ্যোগ বাড়ানোই এর লক্ষ্য। তাই বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।" শরিফুল বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানী, বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগাযোগ প্রযুক্তি, ফার্মাসিটিউক্যাল, সিরামিকস, পর্যটন, তৈরি পোশাক ও টেক্সটাইলসহ সাতটি খাতকে চিহ্নিত করা হয়েছে। সাড়ে তিন বছর আগে ব্র্যান্ড ফোরাম প্রতিষ্ঠিত হয় জানিয়ে তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ নিয়ে এটিই তাদের প্রথম ও সবচেয়ে বড় অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের ইকোনোমিক কাউন্সেলর এ এইচ এম আহসান ও প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫৫৫ ঘ.