ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ১২টি হাটে ঈদের আগের তিনদিন ভোরে সস্তা, তারপর গড়পড়তা, দুপুরে টাইট, বিকালে আবার গড়পড়তা এবং রাতে চড়া দামে গরু বিক্রি হয়েছে।
বুধবার ঈদের দিনও আরমানিটোলা এবং গাবতলী হাটে গরু বিক্রি হয়। তবে ব্যবসায়ীরা বলছেন, এবার রাজধানীতে এসে তাদের লাভ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা জানান, ঢাকার বাইরে গরুর দাম বেশি পাওয়া গেছে।
পাবনার ঈশ্বরদীর কিসমত ব্যপারী ১৭টি গরু এনেছিলেন আরমানিটোলা হাটে। কিসমতের জোরে তিনি সব গরু বিক্রি করেছেন ঠিকই। তবে লাভ-লোকসানের হিসাবে শেষেরটি হয়েছে ৪০ হাজার।
কিসমত ব্যাপারীর মতো লাভের অংক দেখতে পারেননি ফরিদপুরে জামাল উদ্দিন ও ইলিয়াস।
আরমানিটোলা হাটে মঙ্গলবার খুব ভোরে প্রচুর গরু বিক্রি হয়। তবে তেমন দাম পাননি বিক্রেতারা।
ব্যবসায়ী মোজাম্মেল তিনটি গরু দুই লাখ টাকায় কিনতে পেরে খুব খুশি।
প্রতিক্রিয়া জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভাবতেও পারিনি এতো সস্তায় গরু পাবো। এতো বড় বড় গরু এক লাখের নিচে; ভাবাই যায় না।"
আরমানিটোলা গরু বাজারে মঙ্গলবার কথা হয় ফরিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "১৯টি গরু এনেছি। লোকসান হলেও ১৮টিই বিক্রি করে দিয়েছি। কিন্তু এখনো সবচেয়ে বড় গরুটি বিক্রি করতে পারছি না।
"বড় কালো গরুটি সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছিলো এক ক্রেতা। তখন বিক্রি করেনি। এখন সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছি। তবুও কেউ নিচ্ছে না।"
ঈশ্বরদীর শাহপুর থেকে ১৮টি গরু নিয়ে শনিবার আরমানিটোলায় এসেছিলেন মুসা। তিনদিনে একটিও বিক্রি করতে পারেননি।
কেন পারেননি জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুসার ভাতিজা মাজেদুল জানান, গরু প্রতি নব্বই হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু খরিদ্দাররা ৬০-৬৫ হাজার টাকার বেশি দাম বলছে না।
মাজেদুল বলেন, "এইখানে বিক্রি না হলে দ্যাশে (গ্রামে) নিয়ে যাবো। দ্যাশে এইখান থেইকা দাম বেশি পামু।"
"ঢাকায় আর গরু আনুমনা", বলেন তিনি।
কুষ্টিয়ার পোড়াদহের আইলচরা গ্রাম থেকে নয়াবাজার হাটে ৯টি গরু নিয়ে এসেছিলেন আব্বাস। তার ৩০ হাজার টাকা লোকসান হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।
এক বছর ধরে ১২টি গরু পেলেছেন নবাবগঞ্জের শিকারিপাড়ার গণি মিয়া।
একটি গরু প্রতিদিন ৪-৫ কেজি করে ভুুসি খেয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতি কেজি ভুসির দাম ৩০ টাকা। বছরে একটা গরু কত ভুসি খায় বুঝেছেন স্যার।"
তিনি জানান, সাতটি গরুর বিক্রি করে তার ৩০ হাজার টাকা লোকসান হয়েছে। তাই বাকিগুলো এখানে বিক্রি করবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৫০০ ঘ.
bdnews24