২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পশুর হাট জমজমাট

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে বড় আকারের গরুর চাহিদা কম থাকায় বিক্রিও হচ্ছে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে বড় আকারের গরুর চাহিদা কম থাকায় বিক্রিও হচ্ছে কম। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের ভীড় বাড়তে থাকে। গাবতলী, হাজারীবাগ, আরমানিটোলাসহ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। বেপারীরা জানান, দুপুরের পর থেকে বিক্রি বেড়ে যায় কয়েকগুন। হাটগুলো হয়ে উঠে জমজমাট। দুপুরের পরও ট্রাকে করে হাটগুলোতে গরু আনা হয়। ক্রেতারা বলেছেন দাম সহনীয়। তবে বিক্রেতারা বলেছেন গরু নিয়ে আসার খরচ উঠানোই কঠিন হয়ে যাবে। বিপুল সংখ্যক গরুর আমদানি দেখে বিক্রেতারা আশঙ্কায় আছেন যে, গতবারের মত গরু ফেরত নিয়ে যেতে হতে পারে। গাবতলী হাটের গরুর বেপারী রহমত মিয়া জানান, এবার মানিকগঞ্জের সিংগাইর থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন গাবতলী হাটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৭টি। বাকীগুলো হয়তো আসল দামেই বিক্রি করতে হবে। রহমত মিয়া গতবার ৫টি গরু বিক্রি না হওয়ায় ফেরত নিয়ে গিয়েছিলেন বলে জানান। রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলী হাটে পশু রাখার জন্য স্থান সংকুলান না হওয়ায় বেপারীরা তা হাজারীবাগ বা নয়াবাজার হাটে নিয়ে যাচ্ছে দুপুরের পর থেকে। অবশ্য অনেকে দাম বেশি পাওয়ার আশায় গাবতলি হাট থেকে অন্য হাটে গরু নিয়ে যাচ্ছে। হাজারীবাগ হাট পরিচালনা কমিটির সদস্য আবদাল আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকেই হাটে গরু আসছে। বিক্রিও বেশ ভাল। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ, মানিকগঞ্জ জেলা থেকে বেশি গরু আসছে বলে জানান বেপারীরা। গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সোহেল হাবিব জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে প্রচুর বিক্রি হচ্ছে। গাবতলী হাটে ক্রেতা পুরান ঢাকার ব্যবসায়ী মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার তিনি যে গরু ৩০ হাজার টাকা দিয়ে কিনেছেন, গতবার এ আকারের গরুই তিনি ৩৯ হাজার টাকায় কিনেছিলেন। গুলশানের হাশেম খান নামের এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২ লাখ ৩০ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনেছেন তিনি। প্রতিবারই তিনি বড় আকারের গরু কিনেন। এবার দাম তুলনামূলক কম বলে জানান তিনি। বেপারী সিদ্দিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি লাভ কম রেখেই গরু বিক্রি করছেন। তিনি বলেন, "বেশী লাভের আশায় গরু ধরে রাখছেন না ব্যবসায়ীরা, মন মত দাম পেলেই বিক্রি করে দিচ্ছেন।" হাটে কোনো অসুস্থ পশু আনা হচ্ছে কিনা তা তদারক করছেন ভেটেরিনারি সার্জনরা। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে একটি করে ক্যাম্প বসিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। গাবতলী হাটে এ দায়িত্বে নিয়োজিত ভেটেরিনারি সার্জন ডা. সুকেশ চন্দ্র বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত কোন অসুস্থ পশু পাওয়া যায়নি। গাবতলীর হাটের পাশাপাশি এবার ঈদে ঢাকা মহানগরীতে অস্থায়ী পশুর হাট বসেছে ১২টি। রাজধানীতে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, মেরাদিয়া বাজার, বনানীর কাকলীতে রেললাইনের পাশে বসেছে অস্থায়ী পশুর হাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬২৪ ঘ.