কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে বেড়ে গেছে মসলার দাম।
এলাচ, জিরা, জত্তিক, কবাব চিনি ও অন্যান্য মসলার দাম প্রকারভেদে কেজি প্রতি ১শ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ঢাকার কেরানীগঞ্জের বরিশুর বাজারের খুচরা বিক্রেতা দুলাল মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পনের দিন আগে পঞ্চাশ গ্রাম এলাচ ১শ ২৫ টাকায় বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১শ ৫০ টাকায়। একশ গ্রাম জিরা বিক্রি হতো ৩৫ টাকায় আর এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একশ গ্রাম জত্তিক বিক্রি হতো ১শ ৫০ টাকায় আর এখন বিক্রি হয় ২শ ৫০ টাকায়। কবাব চিনি একশ গ্রাম বিক্রি হতো ৬০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
তিনি বলেন, "কোরবানির ঈদ সামনে তাই মসলার দাম বেড়ে গেছে।"
রাজধানীর লালবাগের কাজি রিয়াজ উদ্দিন রোডের খুচরা বিক্রেতা মো. ফয়সালও পনের দিন আগে মসলার বিক্রয় মূল্য আর বর্তমান বিক্রয় মূল্যে এমন ফারাকের কথাই বললেন।
কামরাঙ্গীর চর মাদবর বাজারের খুচরা ব্যবসায়ী মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌলভিবাজারের পাইকারি বিক্রেতার কাছ থেকে এক কেজি এলাচ ২৫শ থেকে ২৬শ টাকা দরে কিনে আনছি। এর সঙ্গে আছে পরিবহন খরচ। তাই খুচরা ৩ হাজার টাকা দরে বিক্রি না করলে পোষায় না।"
রাজধানীর পোস্তা এলাকার ক্রেতা মো. খোরশেদ আলম অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুচরা বিক্রেতারা মসলার দামের যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। পনের দিন আগেও মসলা চড়া দামেই বিক্রি হয়েছে এবং এখন ঈদ সামনে রেখে আরো চড়া দামে বিক্রি হচ্ছে।"
তিনি বলেন, "খুচরা দোকানে পনের দিন আগে পঞ্চাশ গ্রাম এলাচ ১শ ৭০ টাকায় বিক্রি হয়েছে। এখন ২শ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একশ গ্রাম জিরার দাম পনের দিন আগে নেওয়া হয়েছে ৪০ টাকা আর এখন নেওয়া হচ্ছে ৬০ টাকা।"
তিনি আরো বলেন, "পনের দিন আগেও জত্তিকের দাম ছিলো ২শ টাকা আর এখন বিক্রি করা হচ্ছে ৩শ টাকায়। কবাব চিনি ১শ গ্রামের দাম ৭৫ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১শ টাকায়।"
কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরম মসলা খুব অল্প পরিমাণ কেনা হয়। তাই ব্যবসায়ীরা ইচ্ছে মতো বাড়িয়ে দাম নেন।"
কেরানীগঞ্জ উপজেলার মাদারীপুর গ্রামের গৃহবধু পারভিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরম মসলার দাম অনেক বেশী। এলাচের কেজি যদি ৩ হাজার টাকা হয় তাহলে মাংস রান্না করবো কিভাবে!"
ওদিকে রাজধানীর মৌলভিবাজারের ব্যবসায়ীরা বলেছেন, গত প্রায় পাঁচ মাস ধরেই মসলার দাম চড়া।
ঈদের আগে দাম বৃদ্ধি প্রসঙ্গে তারা বলেন, এখন যদি দাম বেড়ে থাকে তা বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা।
মৌলভিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েতুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার শুল্ক বাড়ানোয় গত ৫ মাস ধরে মসলার বাজার চড়া। সামনে মসলার দাম আরো বৃদ্ধি পেতে পারে।"
তিনি বলেন, "এতদিন এক টন মাল আমদানী করতে ১৮শ ডলার শুল্ক ধরা হতো। বর্তমানে ৩ হাজার ডলার শুল্ক ধরা হচ্ছে। সে হিসেবে এক টন মাল আমদানী করতে ৫২ হাজার টাকার বেশি শুল্ক দিতে হচ্ছে। তাই মালের দাম আরো বাড়তে পারে।"
মৌলভি বাজারের পাইকারী ব্যবসায়ী মো. টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ সামনে রেখে আমরা মসলার দাম বাড়াই নি। যদি বেড়ে থাকে তা খুচরা ব্যবসায়ীরা বাড়াচ্ছে।"
তিনি জানান, পাইকারি বাজারে এলাচ কেজি প্রতি ২১শ থেকে ২৪শ টাকা, জিরা ৩শ ৪০ টাকা, দারুচিনি ১শ ৮০ টাকা, লবঙ্গ ৩শ ৪০ টাকা, সাদা গোলমরিচ ৬শ ২০ টাকা, কালো গোলমরিচ ৩শ ৮০ টাকা, জয়ফল ৫শ ৮০ টাকা, জত্তিক ২হাজার ৩শ টাকা, বড় এলাচ ২হাজার ৪শ টাকা, পাঁচফোড়ন ১শ ৪০ টাকা, আলু বোখারা ৬শ টাকা, কিসমিস ২শ ৬০টাকা, পেস্তা ৫শ ২০ টাকা ও শাহজিরা ৮শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১৫৮ ঘ.
bdnews24