২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দর উন্নয়নে ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

মংলা বন্দরের উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার (৭৯৪.৫০ মিলিয়ন ডলার) বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ব্রিটিশ কোম্পানি পোর্ট ইভোল্যুশন ম্যানেজমেন্ট (পোর্ট ইভো) ইউকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরের উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার (৭৯৪.৫০ মিলিয়ন ডলার) বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ব্রিটিশ কোম্পানি পোর্ট ইভোল্যুশন ম্যানেজমেন্ট (পোর্ট ইভো) ইউকে। প্রস্তাব অনুযায়ী, উন্নয়ন কাজ সম্পন্ন হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে। মংলা বন্দরের উন্নয়নে বিনিয়োগ প্রস্তাব সম্পর্কিত এক সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান। তবে এ প্রস্তাব চূড়ান্ত করার আগে আরো পরীক্ষা-নিরীক্ষা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ-মন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে শাজাহান খান বলেন, মংলা বন্দরের উন্নয়নে প্রস্তাবনা তৈরী এবং বিনিয়োগকারী সন্ধানে গত বছর একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। সিঙ্গাপুরের পরামর্শক প্রতিষ্ঠান ডেভিড উইগনাল অ্যাসোসিয়েটস এক বছর কাজ করে একটি প্রস্তাবনা তৈরি করেছে। একইসঙ্গে তারা ব্রিটিশ বিনিয়োগকারী পোর্ট ইভোকেও নিয়ে এসেছে। "পোর্ট ইভো এখানে পিপিপি'র আওতায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটি আমরা পরীক্ষা-নিরীক্ষা ও সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবো", বলেন তিনি। নৌ-মন্ত্রী জানান, বন্দরের অবকাঠামো ও স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, পানি শোধনাগার স্থাপন, নদী ও চ্যানেল খনন এবং সাধারণ পণ্য ও তেলের কন্টেইনার হ্যান্ডলিং সুবিধা নিশ্চিতে এ অর্থ ব্যয় হবে। কারিগরি সুযোগ-সুবিধাসহ সবকিছুই তারা নিজেরা করবে। সরকার শুধু জমি দেবে। কাজ শুরুর তিন থেকে চার বছরের মধ্যে এ উন্নয়ন ও নির্মাণ কাজ সম্পন্ন হবে। মংলা বন্দর উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে শাজাহান খান বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশকে যে ট্রানজিট সুবিধা দিতে যাচ্ছে, এতে মংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ নেপাল ও ভুটান শুধু এ বন্দরটিই ব্যবহার করবে। এই কাজের জন্য গত বছরের ২ ডিসেম্বর ডেভিড উইগনাল অ্যাসোসিয়েটস'র ব্যবস্থাপনা পরিচালক ডেভিড উইগনাল-এর সঙ্গে সরকারের একটি সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবারই তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সভায় নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, মংলা বন্দরের চেয়ারম্যান এম একে আজাদ, পোর্ট ইভোর চেয়ারম্যান জেমস সাটক্লিফ ও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড উইগনালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩০ ঘ.