ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের সভায় এটিসহ ১০টি প্রকল্প অনুমোদিত হয় বলে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার জানিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বড়পুকুরিয়া খনি পুনর্বাসনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, এ প্রকল্পের আওতায় খনির ৬ বর্গকিলোমিটার এলাকায় যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরিয়ে নেওয়া হবে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা কত, তা জানাতে পারেননি মন্ত্রী।
গত ১১ মে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। খনি কর্তৃপক্ষ সাতটি গ্রামের ৬৪৬ একর জমি অধিগ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সাত গ্রামে পরিবারের সংখ্যা ১৩শ।
ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য গত ৮ সেপ্টেম্বর এক আলোচনা সভায় খনি এলাকার জমি অধিগ্রহণে কৃষি জমি একর প্রতি ২০ লাখ টাকা এবং বসতভিটার জন্য একর প্রতি ২৫ লাখ টাকা প্রস্তাব করেন।
পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প ব্যয়ের পুরো অর্থই দেবে সরকার।
মঙ্গলবারের একনেক সভায় অনুমোদিত ২ হাজার ৪৩৮ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১ হাজার ২৩১ কোটি টাকা আসবে সাহায্য হিসেবে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দ্বিমুখী করার লক্ষ্যে ২০১৪ সালের জুনের মধ্যে দুটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর আওতায় ৯৫৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের অধীনে 'রেলওয়ে অ্যাপ্রোচসহ দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু' নির্মাণ হবে।
একে খন্দকার বলেন, "বর্তমান ভৈরব ও তিতাস সেতুর পাশেই এ দুটি সেতু হবে।"
একনেকে অনুমোদন হওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৩৭৮ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের অধীনে 'নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু' নির্মাণ প্রকল্প, ৩৭৮ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের 'বিবিয়ানা-কুমিল্লা (উত্তর) ২৩০ কেভি সঞ্চালন লাইন' নির্মাণ প্রকল্প এবং ১৬৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে 'পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ উন্নতকরণ' প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০৩২ ঘ.
bdnews24