২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু সোমবার

চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দরিদ্র পরিবারের মধ্যে ন্যায্যমূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দরিদ্র পরিবারের মধ্যে ন্যায্যমূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের মতো এর দামও কেজি প্রতি ২৪ টাকা ধরা হয়েছে। ঢাকা শহরের পাঁচ লাখ ৮০ হাজার কার্ডধারীসহ সারা দেশের প্রায় ১১ লাখ ১৮ হাজার ব্যক্তি ও পরিবারকে এ কার্ডের আওতায় চাল দেওয়া হবে। খাদ্যমন্ত্রী বলেন, "ঈদের আগেই এ কার্যক্রম শুরু করা হয়েছিলো। কিন্তু তখন বাজারে এ চালের তেমন চাহিদা ছিল না। তাই বন্ধ করে দেওয়া হয়। এখন আবার চালু করা হচ্ছে।" মন্ত্রী জানান, প্রথমে শুধু নভেম্বর মাসকে মাথায় রেখেই এটি চালু করা হয়েছে। প্রয়োজনে ডিসেম্বর মাসেও এ কার্যক্রম চালানো হবে। নতুন আমন ধান ওঠার পর আর ন্যায্যমূল্যের চালের প্রয়োজন হবে না জানিয়ে রাজ্জাক বলেন, "ডিসেম্বরের মধ্যেই নতুন আমন ধান উঠতে শুরু করবে। তখন বাজারে এ চালের চাহিদা কমে যাবে।" চলমান ভিজিএফ কার্যক্রম প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "সরকার শিগগিরই সবার জন্য বিনামূল্যে ভিজিএফ দেওয়া বন্ধ করতে যাচ্ছে। ভবিষ্যতে শুধু অতি দরিদ্রদের জন্য বিনামূল্যে ভিজিএফ চাল দেওয়া হবে।" মন্ত্রী জানান, ন্যায্যমূল্যের চাল বিতরণ এবং ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং উপযুক্ত ব্যক্তিদের এ চাল পাওয়া নিশ্চিত করার কার্যক্রম স্থানীয় সংসদ সদস্য ও ওয়ার্ড কমিশনার এবং মহাজোট নেতারা তদারকি করবেন। গত ১৯ অগাস্ট থেকে এফপিসি'র চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। পরে খাদ্য অধিদপ্তরের মজুদে চালের পরিমাণ কমে যাওয়ায় কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে ন্যায্যমূল্যের (এফপিসি) চালের জন্য পাঁচ লাখ ৮০ হাজার কার্ড দেওয়া হয়েছে। গোটা দেশে এ কার্ড দেওয়া হয়েছে ১১ লাখ ১৮ হাজার। পরবর্তীতে এ কার্ডের সংখ্যা ২২ লাখ ২৫ হাজারে উন্নীত কর হবে। এ চাল বিক্রির জন্য সারাদেশে ৮১৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ডিলার রয়েছে ৩২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/পিডি/১৭৪১ ঘ.