ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে আবার দরিদ্র পরিবারের মধ্যে ন্যায্যমূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা এবং উপযুক্ত ব্যক্তিদের এ চাল পাওয়া নিশ্চিত করতে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য ও ওয়ার্ড কমিশনার এবং মহাজোট নেতাদের।
খাদ্য মন্ত্রণালয়ে বুধবার ঢাকা মহানগরীর সংসদ সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতাদের নিয়ে এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত হয়।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "স্থায়ী আয় নেই এমন অতি দরিদ্র পরিবারের জন্য এফপিসি'র মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।"
তবে এ কার্যক্রম শুরুর নির্দিষ্ট কোনো তারিখ সভায় নির্ধারণ করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।
খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের মতো এর দামও কেজি প্রতি ২৪ টাকা ধরা হয়েছে। এ কার্যক্রমের আওতায় একজন কার্ডধারী ব্যক্তি বা পরিবার প্রতিমাসে ২০ কেজি করে চাল কিনতে পারবে। একবারে ২০ কেজি অথবা মাসে দুইবার ১০ কেজি করে চাল কেনা যাবে।
গত ১৯ অগাস্ট থেকে এফপিসি'র চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। পরে খাদ্য অধিদপ্তরের মজুদে চালের পরিমাণ কমে যাওয়ায় কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, "বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ বৃদ্ধি পাওয়ায় সরকার আবারো এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।"
তিনি জানান, ইতোমধ্যে বিতরণ করা পাঁচ লাখ ৮০ হাজার এফপিসি কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে এ কার্ডের সংখ্যা ২২ লাখ ২৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তবে এফপিসি কার্ডের মাধ্যমে চাল বিক্রির এ কার্যক্রমকে ভবিষ্যতে স্থায়ী রেশনিং ব্যবস্থা হিসেবেও চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
মন্ত্রী আরো জানান, এফপিসি নীতিমালা অনুযায়ী প্রতি এক হাজার কার্ডের বিপরীতে একজন করে ডিলার নিয়োগ করা হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ছয়দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এসব দোকান খোলা থাকবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ৩ লাখ ৬৬ হাজার ৪১১টিসহ দেশের আট লাখ ৫৬ হাজার ৬৭৮টি দরিদ্র পরিবারের মধ্যে স্বল্প মূল্যের কার্ড বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর ছাড়াও অন্য ছয়টি বিভাগীয় শহর ও দেশের সব জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে এ চাল বিক্রি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬২১ ঘ.
bdnews24