২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এক মাস পরপর মুরগির বাচ্চার দাম পুনঃনির্ধারণ'

একদিন বয়সী মুরগির বাচ্চার দাম একমাস পরপর পুনর্মূল্যায়ন ও পুনঃনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন বয়সী মুরগির বাচ্চার দাম একমাস পরপর পুনর্মূল্যায়ন ও পুনঃনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ব্রিডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। বৈঠকে মুরগির বাচ্চার দাম নিয়ে করা মামলা ২৪ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে মন্ত্রীকে আশ্বাস দেয় অ্যাসোসিয়েশন। এ প্রেক্ষিতে মন্ত্রী এক সপ্তাহের মধ্যে দাম পুনঃনির্ধারণ করা হবে বলে অ্যাসোসিয়েশনকে আশ্বাস দেন। একদিন বয়সী মুরগির বাচ্চার সরকার নির্ধারিত দাম ৩০ টাকা (বয়লার) ও ৩২ টাকা (লেয়ার)। তবে বাচ্চা উৎপাদনকারীরা বিক্রির ক্ষেত্রে এ দাম মানছে না। একইসঙ্গে তারা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। নতুন দাম নির্ধারণের আগ পর্যন্ত অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত আগের দামে মুরগির বাচ্চা বিক্রি করতে অ্যাসোসিয়েশনকে পরামর্শ দেন মন্ত্রী। অ্যাসোসিয়েশনের সভাপতি প্যারাগন পোলট্রি খামারের মালিক মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করে। আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, "সাতদিনের মধ্যে মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ব্রিডার্স অ্যাসোসিয়েশন মিলে দাম নির্ধারণ করা হবে।" নির্ধারিত দাম প্যাকেটের গায়ে লেখা থাকবে বলে জানান মন্ত্রী। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখা বিষয়ে অ্যাসোসিয়েশনের নেতারা একমত হন। অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল লতিফ বলেন, "অ্যানথ্রাক্স এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। মানুষ ইতোমধ্যে কোরবানীর গরু কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে। "মুরগি ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানোর অভিযোগ ও গোয়েন্দা প্রতিবেদন যাচাই-বাছাই চলছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।" সভায় নতুন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫০ঘ.