বগুড়া, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাল সরবরাহের চুক্তি না করায় বগুড়ার ২৭৮টি চালকলের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া চুক্তি করে এখনো চাল সরবরাহ না করায় আরো ১৮ মিল মালিকের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। আগামী ১৫ অক্টোবর সরবরাহের সময়সীমা শেষ হবে।
বগুড়া জেলা খাদ্য সংগ্রহ কমিটির এক বৈঠকে অন্তত ১৫ দিন আগে এ সিদ্ধান্ত হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।
লাইসেন্স বাতিল করা চালকলগুলো কালো তালিকাভুক্ত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ওই মালিকদের অন্যান্য সনদ বাতিল করার কথাও সিদ্ধান্তে রয়েছে।
এ পর্যন্ত জেলায় চাল সংগ্রহ হয়েছে ৮০ হাজার ৫০০ মেট্রিকটন। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এখনো সাত হাজার ৮৩৭ মেট্রিকটন বাকি রয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, ইরি-বোরো মৌসুমে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় জেলায় সরকারিভাবে প্রতিকেজি ১৭ টাকা দরে ৬১৬৭ মেট্রিক টন ধান এবং ২৫ টাকা দরে ৮৮ হাজার ৩৩৭ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
গত ১ মে থেকে শুরু হওয়া ইরি-বোরো মৌসুমে খাদ্য সংগ্রহ অভিযানে জেলার ১৫৫৬ জন চালকল মালিকের মধ্যে ১২৭৮ জন ৮৪ হাজার মেট্রিক টন চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করে। বাকি ২৭৮ জন চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া চুক্তি করে এখনও সরবরাহ না করায় ১৮ মিল মালিকের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, চুক্তি না করায় ১৫ দিন আগে ওইসব চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে চুক্তি করেছেন এমন মিল মালিকদের লাইসেন্সের অধীনে এই মিল মালিকরা চাল সরবরাহ করলে সেক্ষেত্রে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না।
এছাড়া যে ১৮ মিল মালিক চুক্তি করে এখনও চাল সরবরাহ করেনি তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে সরবরাহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহবায়ক কেএম লায়েক আলী জানান, "বগুড়াসহ অনেক জায়গায় চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ব্যাপারে আমরা কিছু সুপারিশ নিয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব।
"আলোচনা ফলপ্রসু না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24