ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার ও ডিজেল ভর্তুকির পর এবার কৃষি যন্ত্রপাতি কিনতেও কৃষকদের নগদ সহায়তা দেবে সরকার।
এ সংক্রান্ত ১৪৯ কোটি টাকার একটি প্রকল্প বৃহস্পতিবার অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রকল্পের আওতায় কৃষকরা ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র কিনলে দামের ২৫ শতাংশ সরকার থেকে পাবেন। তবে এককভাবে কাউকে এ অর্থ দেওয়া হবে না, এ অর্থ নিতে হলে কৃষকদের কয়েকজন মিলে একটি দল গড়তে হবে।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ২ হাজার ৬৪৫ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়।
পরিকল্পনা সচিব মো. হাবিব উল্লাহ মজমুদার সাংবাদিকদের জানান, ১৪৯ কোটি টাকার মধ্যে ১২০ কোটি টাকা কৃষককে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে। বাকি টাকা প্রকল্পের অন্যান্য ব্যয় ধরা হয়েছে।
"কৃষকরা ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি কিনলে এ বরাদ্দ থেকে তার ওপর ২৫ শতাংশ প্রণোদনা পাবেন", বলেন তিনি।
প্রাথমিকভাবে ২৫টি জেলার ২৩৭টি উপজেলায় এ সুবিধা দেওয়া হবে। তবে এক বছর সাত মাস মেয়াদি এ প্রকল্পের আওতায় পুরো দেশের কৃষকরাই আগামীতে এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষি সচিব সি কিউ কে মুসতাক আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষক যাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারে সে জন্যই এ প্রকল্প নেওয়া হয়েছে।"
"তবে আমরা একক ব্যক্তিকে সহায়তা দেবো না। কৃষকদের আলাদা আলাদা গ্র"প করে প্রতিটি গ্র"পকে সহায়তা দেওয়া হবে। কারণ প্রান্তিক কৃষকের একার পক্ষে অনেক যন্ত্রপাতিই কেনা সম্ভব হয় না", বলেন কৃষি সচিব।
একনেক সভায় বরেন্দ্র অঞ্চলে ১ হাজার ২৫০টি গভীর নলকূপ স্থাপনের জন্য ২৪৮ কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয় বলে মুসতাক জানান।
এর ফলে খাদ্য শস্য উৎপাদন ১ লাখ ৮৭ হাজার মেট্রিক টন বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
চলতি অর্থবছরের বাজেটে কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে নন-ইউরিয়া সারের দাম দুই দফায় কমিয়ে প্রায় অর্ধেক করেছে।
বৃহস্পতিবার একনেকে অনুমোদন হওয়া অন্য ছয়টি প্রকল্পের মধ্যে রয়েছে, ৯৩৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'বাংলাদেশ রেলওয়ের জন্য ৪৬টি লোকমোটিভ সংগ্রহ প্রকল্প (সংশোধিত)', ১ হাজার ১৪০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (সংশোধিত)', ৩৩ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'পাচ্চর-শিবচর-মাদারীপুর' সড়ক প্রশস্ত ও উন্নয়ন প্রকল্প'।
২৭ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'হাতিয়া-জাহাজমারা সড়ক ও তমরুদ্দিন সংযোগ সড়ক পুনর্বাসন (সংশোধিত) প্রকল্প', ৬১ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের জন্য আনুষঙ্গিক কাজসহ বাসস্থান নির্মাণ প্রকল্প' এবং তথ্য মন্ত্রণালয়ের 'বাংলাদেশ বেতারের কবিরপুর কেন্দ্রে ২৫০ কিলোওয়াট ক্সুদ্র তরঙ্গ প্রেরণ যন্ত্র উন্নয়ন ও শক্তিশালীকরণ প্রকল্প'ও অনুমোদিত হয় বৈঠকে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্প ব্যয়ের মধ্যে ১ হাজার ২১৯ কোটি টাকার যোগান দেবে সরকার। বাকিটা সাহায্য হিসেবে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24