ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অবশিষ্ট জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
পণ্যের জোগান নিশ্চিত করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে মুদ্রানীতিতে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের বলেন, "আরো বেশি মানুষকে আর্থিক সেবার আওতায় আনাই এ মুদ্রানীতির প্রধান লক্ষ্য।"
দেশের ২৫ শতাংশ মানুষ এখনও ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা চাচ্ছি সবাইকে আর্থিক সেবার আওতায় (ফাইনান্সিয়াল ইনক্লুশনের) আনার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করতে।"
মুদ্রানীতিতে বাজেটে ঘোষিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) সাড়ে ৫ থেকে ৬ শতাংশ রাখার লক্ষ্যমাত্রাকেই অনুসরণ করা হয়েছে। বার্ষিক গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ।
গত অক্টোবরে মূল্যস্ফীতির গড় প্রবণতা ছিল ৫ দশমিক ১১ শতাংশ। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়া পরবর্তীতে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গভর্নর বলেন, "আগের ৬ মাসে মূল্যস্ফীতি কম ছিল। পরের ৬ মাসে বাড়লেও গড়ে এটি সাড়ে ৬ শতাংশের বেশি হবে না।"
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহের পর্যায়ক্রমিক ধারা অটুট এবং ওএসএম কার্যক্রম চালু রাখা প্রয়োজন বলেও মত দেন তিনি।
বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে জানিয়ে তিনি বলেন, "সরকারি খাতে ঋণ প্রবাহ কিছুটা কমায় আমরা বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো অব্যাহত রেখেছি। বেসরকারি খাত যাতে বিনা বাধায় সহজেই ঋণ পায়, আমরা তা দেখবো।
"বেসরকারি খাতে বিনিয়োগ বাড়লেও সরকারি খাতে কম বিনিয়োগ হওয়ায় বাজারে অর্থের প্রবাহে তেমন কোনো হেরফের ঘটবে না। মূল্যস্ফীতিও তেমন বাড়বে না।"
অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতি সফল হয়েছে দাবি করে গভর্নর বলেন, "বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ায় বিনিয়োগও বাড়ছে। ঋণের চাহিদা তৈরি হওয়ায় কলমানি মার্কেটে সুদের হার ১ শতাংশ থেকে বেড়ে গড়ে ৪-৫ শতাংশে চলে এসেছে। সুদের হার নিয়ে কোনো সমস্যা হবে না। বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়াতে আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবো।"
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে 'মার্কেট রেসপন্স' করেছে। এসময় আমদানি ঋণপত্র (এলসি) খোলার হার গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় বেশি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি ঋণপত্র খোলার হার ২২ দশমিক ৬৩ শতাংশ এবং মুলধনী যন্ত্রপাতি আমদানির হার ২৮ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
আতিউর রহমান বলেন, "গ্যাস-বিদ্যুৎ সংকট সত্ত্বেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে। তার মানে তারা বিনিয়োগের জায়গা খুঁজে পেয়েছে।"
এই মুদ্রানীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থ প্রবাহ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে গভর্নর বলেন, "আপনারা শিগগিরই এসএমই নীতিমালা পাবেন। দেখবেন কীভাবে আমরা এসএমইকে কাজে লাগাই।"
কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সিনিয়র পরামর্শক আল্লাহ মালিক কাজেমি বলেন, "প্রথমার্ধের সঙ্গে এটার মৌলিক কোনো পার্থক্য নেই। তবে প্রথমার্ধে মুদ্রনীতি ঘোষণার সময় ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য বেশি ছিল; যেটা এখন অনেকটাই বিনিয়োগ হয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24