ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য সরকারকে ক্ষমতা ও বাজেট বিকেন্দ্রীকরণ করতে হবে বলে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড স্যোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ)-এর তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নোলিন হেজার স্বল্পোন্নত দেশগুলোর জন্য আয়োজন করা এ উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। ১০ বছর পর পর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার পথে প্রধান অন্তরায় ক্ষমতা ও বাজেটের বিকেন্দ্রীকরণ বিষয়টি।
"এ দুটি কাজ করতে না পারলে ২০২১ সালের মধ্যে আমরা এলডিসিভুক্ত (স্বল্পোন্নত) দেশের তালিকা থেকে বের হয়ে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন দেখছি তা ব্যাহত হবে।
"সেক্ষেত্রে মধ্য আয়ের দেশে পরিণত হতে ২০৩৬ সালও লেগে যেতে পারে।"
এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং পুষ্টিমান বাড়ানোর পাশাপাশি শিক্ষা খাতেরও উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
প্রবৃদ্ধি বাড়াতে তিনি সরকারি খাতের বিনিয়োগও বাড়ানোর তাগিদ দেন।
মুহিত বলেন, "আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) ৮ শতাংশে না ওঠা পর্যন্ত এলডিসি থেকে বের হওয়ার কথা ভাবা ঠিক নয়।"
২০১৫ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যাওয়ার বিষয়ে নিজ দল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে মুহিত বলেন, ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হবে।
তিনি বলেন, "আমি মনে করি এটা সম্ভব। আর এ কাজটি করতে হলে সবচেয়ে বেশি দরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বাজেটের বিকেন্দ্রীকরণ।"
এক প্রশ্নের জবাবে বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার সব কিছু করবে না। সবকিছু ঢাকা বা রাজধানীকেন্দ্রিক হলে চলবে না।"
"আর বাজেটের বিকেন্দ্রীকরণ হলো- সব কিছু জাতীয় বাজেটের দিকে তাকিয়ে থাকলে চলবে না। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজেট স্থানীয়ভাবেই করতে হবে। আর ওই সব বাজেটের সিংহভাগ অর্থ স্থানীয়ভাবেই সংস্থান করতে হবে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যে খরচ হয় তা স্থানীয়ভাবে রাজস্ব আদায়ের মাধ্যমে সংগ্রহ করতে হবে।"
প্রতিশ্র"তি অনুযায়ী উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহায়তা করেনি বলে অভিযোগ করেন মুহিত।
তিনি বলেন, উন্নত দেশগুলো অঙ্গীকার করেছিল তারা তাদের জিডিপি প্রবৃদ্ধির শূন্য দশমিক ২ শতাংশ এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়নে ব্যয় করবে। কিন্তু হাতে গোনা দু-একটি দেশ ছাড়া বড় দেশগুলো তাদের প্রতিশ্র"তি রক্ষা করেনি।
২০০১ সালের মে মাসে ব্রাসেলসে সর্বশেষ এ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে ২০০১-২০১০ মেয়াদের জন্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি 'অ্যাকশন কর্মসূচি' ঘোষণা করা হয়েছিল। ওই কর্মসূচি কতোটা বাস্তবায়িত হয়েছে এবং তা বাস্তবায়নে উন্নত দেশগুলো কী ধরনের সহায়তা করেছে সেসব বিষয় নিয়েই আলোচনা হবে সম্মেলনে।
১৫টি এলডিসি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দাতাদেশ ও সংস্থার ৭০ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এসকে/২৩১০ঘ.
bdnews24