ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট মাসের বেশি সময়ের স্বআরোপিত নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে ইউরোপের দেশগুলোতে চিংড়ি রপ্তানি আবার শুরু হয়েছে।
হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ মূসা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরোপে স্বাদু পানির চিংড়ি (গলদা) রপ্তানি আবারও শুরুর সবুজ সঙ্কেত হিসেবে গত সোমবার একটি ছাড়পত্র দেয় সরকার।
ক্রমাগত সতর্কতার মুখে ২০০৮ সালের শেষের দিক থেকে শুরু করে ২০০৯ সালের প্রথমদিক পর্যন্ত মোট ৫৪টি চালান ফেরত আসার পর গত বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গলদা চিংড়ি রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
নাইট্রোফুরানের মাধ্যমে হিমায়িত চিংড়িতে বিষক্রিয়ার কারণে ইইউ থেকে সতর্ক বার্তা আসার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি সৃষ্টিকারী এই অ্যান্টিবায়োটিক বাংলাদেশের কৃষকদের মাঝে বহুল ব্যবহৃত ফুরাডিন সারের একটি উপাদান।
নাইট্রোফুরানজনিত বিষক্রিয়া নির্র্মূল করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন শুরু হওয়ার পরই বাংলাদেশ স্বআরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো।
ব্রাসেলসভিত্তিক একটি ল্যাবরেটরি প্রণীত পরীক্ষার নীতিমালাটি নিয়ে বাংলাদেশের কিছু আপত্তির কারণে পরে তাতে কিছু সংশোধন আনা হয়। কারণ অনেক ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই নাইট্রোফুরানের মাধ্যমে গলদা চিংড়িতে বিষক্রিয়া তৈরি হয় বলে পর্যবেক্ষণে দেখা গেছে।
মূসা মিয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার বিকেলে আমরা ছাড়পত্রটি (চিংড়ি রপ্তানির জন্য) পেয়েছি।"
"যদিও গত কয়েক দিন ধরেই রপ্তানিকারকরা চট্টগ্রাম ও মংলায় কন্টেইনার বোঝাই করছেন। আজ থেকে (মঙ্গলবার) জাহাজীকরণ শুরু হচ্ছে।"
বিষক্রিয়ামুক্ত চিংড়ির উৎপাদন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা আরোপের ধারাবাহিকতায় রপ্তানিকারকদের নিয়ে একটি জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করে সরকার। গত বছরের নভেম্বরে ওই কমিটির এক বৈঠকে ৭ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে এ সময় বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়।
ইইউ এর একটি প্রতিনিধি দল কক্সবাজার ও খুলনায় চিংড়ির উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পরিদর্শনে আগামী ১৮-২৮ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে। এ প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষনের ফলাফল বাংলাদেশ সরকারের কাছেও জমা দেবে।
২০০৭-০৮ অর্থবছরে হিমায়িত খাদ্য রপ্তানি খাত থেকে বাংলাদেশের মোট আয় ছিলো ৫৩৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলার। যা ওই বছরের মোট রপ্তানি আয়ের পাঁচ শতাংশ। কিন্তু ২০০৮-০৯ অর্থবছরে তা কমে হয় ৪৫৪ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। যা মোট রপ্তানি আয়ের প্রায় তিন শতাংশ।
নিষেধাজ্ঞা চলাকালে ইউরোপে তার সবচেয়ে বড় বাজার হারিয়েছে বাংলাদেশ। এর অধিকাংশই এখন থাইল্যান্ড, ভারত ও ভিয়েতনামের দখলে।
যদিও কোন প্রকার অভিযোগ ছাড়াই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে গলদা চিংড়ি রপ্তানি অব্যাহত রেখেছে বলে জানান মূসা মিয়া।
এছাড়া নোনা পানির চিংড়ি বিশেষ করে বাগদা রপ্তানি সমানতালে চলছে।
এখন থেকে প্রাক-পরীক্ষায় নাইট্রোফুরানের উপস্থিতি নেই বলে নিশ্চিত হওয়ার পরই কেবলমাত্র চিংড়ি রপ্তানির অনুমোদন দেওয়া হবে বলেও জানান মূসা মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএনএস/এমআই/১২৪৬ ঘ.
bdnews24