কক্সবাজার, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের অচলাবস্থা কাটেনি। সোমবার সারাদিনও বন্দরে আমদানি-রপ্তানির কাজ হয়নি।
উপজেলা প্রশাসন অচলাবস্থা নিরসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
উল্টো বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সংবাদ সম্মেলন করে ১৫ দফা দাবি তুলে ধরেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
সোমবার রাতের মধ্যে কোন সমঝোতা না হলে কাল আবারো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এম নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার রাতে শুল্ক ফাঁকির অভিযোগে শুঁটকিবাহী দুটি ট্রাক আটকের পর বন্দর কার্যালয়ে হামলা-ভাংচুর ও বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরীকে মারধরের ঘটনায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড এর অপারেশন অফিসার গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ সারাদিনও বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে তারা যথারীতি অফিস করেছেন।
তিনি জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমঝোতা বৈঠকে বসেছিলেন। কিন্তু ব্যবসায়ীদের একগুয়েমির কারণে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
ইউএনও নাজিম উদ্দিন জানান, তিনি দুপুরে আমদানিকারক, রপ্তানিকারক, বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকে কোন সমাধান না হলেও বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা রাজি হয়েছেন তারা নিজেরা বসেই বিষয়টি সমাধান করে ফেলবেন।
তিনি বলেন, "বন্দরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় প্রায় এক মাস আগে টেকনাফের সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। ব্যবসায়ীরা তাদের অভিযোগ এই কমিটির কাছে তুলে ধরবেন। কিন্তু কোন পক্ষই কমিটিকে সহযোগিতা করেননি।"
বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদার হোসেন জানান, তাদের কোনো দাবি না মানায় সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। পরে সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তাদের ১৫ দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, "এসব দাবি মানা না হলে অনিদিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে বন্দর পরিচালনার চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করা হবে।"
দিদার হোসেন জানান, তাদের ১৫ দাবির মধ্যে আছে- টেকনাফ বন্দর নৌবন্দর নাকি স্থলবন্দর তা স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, ব্যবসায়ী ও কর্মচারিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও অতিরিক্ত মাসুল আদায় বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের দাবি তোলার বিষয়টি জানেন না বলে ইউএনও দাবি করেন।
তিনি বলেন, "ব্যবসায়ীরা যদি আন্দোলনে যেতে চায় তাহলে মনে করতে হবে তারা সমঝোতা চান না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24