প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার ঈদ হওয়ার আশায় সবজি মজুদ করেছিলেন কারওয়ান বাজারের অনেক ব্যবসায়ী।
তবে সোমবার ঈদ হওয়ায় সেসব সবজির বেশিরভাগই অবিক্রিত থাকায় মঙ্গলবার ক্রেতাশূন্য বাজারে বিপাকে পড়েন তারা।
রাজধানীর অন্যতম প্রধান এ পাইকারী বাজারে ঈদের আগের দিন রোববার প্রতি কেজি শসা বিক্রি হয়েছিল ৬০-৭০ টাকায়। তবে ঈদের পরদিন মঙ্গলবার তা মাত্র দুই টাকায়ও কেনার লোক পান নি ব্যবসায়ীরা।
লাউ, কুমড়া, বাঁধাকপি, ঢেঁড়স ও বরবটিরও প্রায় একই হাল। আর কোনও কোনও ব্যবসায়ী বিনামূল্যেই দিতে চেয়েছেন ধনেপাতা।
এছাড়াও এদিন সবজিবোঝাই বেশ কিছু ট্রাক দেখা গেছে কারওয়ান বাজারে।
অন্যসময় সবজির ট্রাক এলেই ক্রেতাদের মাঝে হুলস্থুল তৈরি হয়ে যেতো। কিন্তু মঙ্গলবারের চিত্র ছিলো একদম উল্টো।
ট্রাকবোঝাই ওইসব সবজিমালিককের অনেককেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে দেখা গেছে ক্রেতার জন্য।
সবজি ব্যবসায়ী লাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি ভাড়াসহ ৮০ হাজার টাকার মালের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ১৭ শ' টাকার মাল। ২-৩ টাকা কেজিতেও কেউ শসা কিনছে না।"
"১০ হাজার টাকার গাড়ি ভাড়াটা হলেও কোনও রকমে রক্ষা পেতাম"
bdnews24