ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মাত্রা হ্রাস এবং করদাতাদের হয়রানি না করতে কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের ৩৫০ জন সেরা করদাতাকে পুরস্কার দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, "করদাতারা যাতে কোনও অবস্থাতেই হয়রানির শিকার না হন, কর আদায়কারীদেরকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যে কোনও ধরনের দুর্নীতিকে যথা সম্ভব দূরে রাখতে হবে। যদিও দুর্নীতি আমাদের জাতীয় ব্যাধি, রাতারাতি হয়ত এ থেকে আমরা বের হয়ে আসতে পারব না। তবে এটাকে যে করেই হোক দূর করতে হবে।"
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে 'জাতীয় আয়কর দিবস-২০০৯' উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মুহিত বলেন, "আয়কর প্রদান করা সমাজের কাছে দায় পরিশোধ করার শামিল। তবে যাদের সামর্থ্য নেই তারা কর দেবেন না। যারা বেশি আয় করবেন, তারা বেশি কর দেবেন। আর যারা কম আয় করবেন, তারা কম দেবেন।
"কর দেওয়া মানে দেশের সেবা করা- এ বিষয়টি করদাতাদের বিবেচনায় রাখতে হবে।"
অর্থমন্ত্রী বলেন, "দেশের মাত্র ৭ লাখ মানুষ কর দিয়ে থাকেন। অথচ আমাদের মোট জনগোষ্ঠী ১৫ কোটির বেশি। এটা আমাদের জন্য একটি লজ্জাজনক ঘটনা।"
বর্তমান সরকারের ৫ বছর শাসনামলের শেষ অর্থবছরে আয়করের পরিমাণ মোট ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা প্রকাশ করে মুহিত বলেন, "এ লক্ষ্যেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করব।"
গত ২০০৮-০৯ অর্থবছরে আয়কর খাতে ১৩ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা আদায় হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, "আয়করের হিসাব নিকাশ খুবই জটিল। এটি সহজ করতে হবে।
"যারা আয়কর দেন তাদের কাছে কর প্রদানের নিয়মকানুন স্পষ্ট নয়। আয়কর অফিসে গিয়েও তারা জটিলতার সম্মুখীন হন।"
করদাতাদের উৎসাহিত করতে এ সব জটিলতার অবসান ঘটানোর পরামর্শ দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24