নীলফামারী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের কথিত 'হয়রানি'র প্রতিবাদে নীলফামারীর ব্যবসায়ীরা শনিবার থেকে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে।
এর ফলে জেলার ছয়টি উপজেলা থেকে উধাও হয়ে গেছে। টাকা দিয়েও ক্রেতারা দোকানে চিনি পাচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের কোথাও কোথাও পাওয়া গেলেও দাম অনেক বেশি।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ব্যবসায়ীদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে জেলার ব্যবসায়ীরা চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে।
জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, নীলফামারীর ব্যবসায়ীরা চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে কি না তা আমার জানা নেই। তবে তাদের গুদামে চিনি মজুদ থাকলে অবশ্যই বিক্রি করতে হবে। তারা বিক্রি না করলে প্রশাসনের লোকজন জনস্বার্থে চিনি বিক্রি করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে নীলফামারী জেলায় যে পৌনে ১৫ টন চিনি বরাদ্দ দেওয়া হয়েছে তার বিক্রি এখনও শুরু হয়নি।
কয়েকজন ক্রেতা জানান, প্রতি কেজি চিনি ৪৩ টাকার স্থলে ৫২ টাকা দামে বিক্রি করায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার শহরের ব্যবসায়ী সদানন্দ সরকারের পাঁচ হাজার, তাপস ভৌমিকের ২০ হাজার, জিল্লুর রহমানের দুই হাজার ও আবুল বাশারের দুই হাজার টাকা জরিমানা করেন।
নীলফামারী শহরের শাহিপাড়ার আনোয়ারুল ফেরদৌস, মধ্য হাড়োয়ার ফজলার রহমানসহ কয়েকজন ক্রেতা বলেন, বাজারে বিভিন্ন দোকানে টাকা দিয়েও চিনি পাওয়া যাচ্ছে না। দু'একজন ক্ষুদ্র ব্যবসায়ী গোপনে এক আধ কেজি চিনি বিক্রি করলেও তার কেজি ৭০ টাকা পর্যন্ত ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24