বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন
রাষ্ট্রীয় মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরদিন সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স (বেসিক) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
সাবেক সাংসদ শেখ আব্দুল হাই বাচ্চুকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান করা হয়েছে। সেইসঙ্গে এ ব্যাংকের পরিচালনা পর্ষদে আরও সাত জনকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সালের ১৪ নং আইনে) এর ধারা ৫৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ১৯৯২ সালের ৪ জুন সরকার বেসিক ব্যাংক অধিগ্রহণ করে। ব্যাংকটির ১০০ শতাংশ শেয়ায়ের মালিক হিসেবে সরকার ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে অধিকতর দক্ষ ও পেশাভিত্তিক করার লক্ষ্যে তা পুনর্গঠনের জন্য বর্তমান পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হলো। নতুন পরিচালনা পর্ষদকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
