চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম শুল্ক ভবনের আমদানি ও রপ্তানি শাখা দুই বছর পর আবারো একীভূত করা হচ্ছে।
দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায়ের কার্যালয় চট্টগ্রাম শুল্ক ভবনের (কাস্টমস হাউজ) আলাদা এ দুটি শাখাকে আমদানি শাখার অধীনে নিয়ে আসতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ শুরু করেছে। এ দুটি শাখা একীভূত হলে আমদানি ও রপ্তানি সংক্রান্ত কার্যক্রম এককভাবে আমদানি কমিশনারের অধীনে পরিচালিত হবে।
চট্টগ্রামে শুল্ক ভবন একক শাখা হিসেবে কার্যক্রম শুরুর পর ২০০৭ সালের ১ জুলাই আলাদা শাখা হিসেবে খোলা হয় 'রপ্তানি কমিশনারেট'।
শুল্ক কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই শাখাকে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই মাসের মতো সময় লাগবে। এনবিআর এজন্য অর্গানোগ্রাম তৈরির কাজ করছে।"
তিনি বলেন, অর্গানোগ্রামটি অর্থ মন্ত্রণালয় হয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এনবিআর এ বিষয়ে নির্দেশ জারি করবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১১ জুন সংসদে বাজেট পেশ করার সময় এ দুটি শাখা আবারো এক করার প্রস্তাব করেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমন্বয়হীনতা ও জটিলতা দূর করতে আমদানি ও রপ্তানি শাখাকে এক করার ঘোষণা দেন তিনি। গত ১৮ আগস্ট চট্টগ্রাম শুল্ক ভবন পরিদর্শনের সময় অর্থমন্ত্রী এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও শুল্ক কর্মকর্তা ও ব্যবসায়ীদের জানান।
রপ্তানি শাখার কমিশনার শাহাবুদ্দীন নাগরীকে বৃহস্পতিবার ঢাকার গোয়েন্দা শাখায় বদলী করা হয়। রোববার থেকে আমদানি কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ শাখার দায়িত্ব পালন করছেন।
শুল্ক ভবন ব্যবহারকারীরা বলছেন, রাজস্ব আদায়ে গতিশীলতা এবং শুল্কায়ন, পণ্য ছাড় ও বিদেশে পাঠাতে জটিলতা ও হয়রানি এড়াতে এ দুটি শাখা আলাদা করা হয়। কিন্তু এতে পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি। এমনকি অনেক সময় আলাদা দুটি প্রশাসনের অধীনে কাজ করতে গিয়ে রপ্তানিকারক ও আমদানিকারকদের আরো বেশি হয়রানির শিকার হতে হয়। এছাড়া শাখা দুটি আলাদা হওয়ায় জনবলও ভাগ হয়ে যায় এবং দুই বছরে নতুন নিয়োগ না হওয়ায় উভয় ক্ষেত্রেই শুল্ক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আরও বেকায়দায় পড়তে হয়।
কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের (সিএন্ডএফ) সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে উদ্দেশ্য নিয়ে এ দুটি শাখা আলাদা করা হয়েছিলো তার কোনো সুফল শুল্ক ভবন ব্যবহারকারীরা পায়নি। উল্টো দ্বৈত প্রশাসনের কারণে আমদানি ও রপ্তানিকারকদের আরো বেশি জটিলতা ও হয়রানির মুখে পড়তে হয়েছে।"
দুই বছর আগের সিদ্ধান্তের পেছনে শুল্ক কর্মকর্তাদের পদ তৈরিই মূল উদ্দেশ্য ছিল অভিযোগ করে আলতাফ হোসেন বলেন, "পৃথকীকরণের সিদ্ধান্ত বাতিল করায় শুল্কায়ন সংক্রান্ত কাজের ক্ষেত্রেও সমন্বয়হীনতা ও বাধা দূর হবে।"
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিজিএমইএ'র সাবেক প্রথম সহ-সভাপতি এম এ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৃথকীকরণের পর গত দুই বছরের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। জনবল কম থাকায় আমদানি ও রপ্তানি উভয়ক্ষেত্রে সংশ্লিষ্টদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।"
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই শাখাকে একীভূত করতে অর্থমন্ত্রীর পদক্ষেপ আমরা মেনে নিচ্ছি। তবে জনবলসহ অন্যান্য 'লজিস্টিক সাপোর্ট' পাওয়া গেলে ভবিষ্যতে এ দুটি শাখা আবার আলাদা করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/১৩২০ ঘ.
bdnews24