ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু ব্যবসায়ী কারসাজি করে পণ্যমূল্য বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে কৃষকদের রক্ষায় ঋণ সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভার পর ফারুক খান সাংবাদিকদের বলেন, "কিছু ব্যবসায়ীর কারসাজিতে পণ্যের দাম বাড়ছে। আমরা আর দুই একদিন দেখবো। এরপরও অযৌক্তিকভাবে দাম বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।"
তিনি বলেন, "রমজানে কিছু কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়লেও সার্বিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে। বেগুনের চাহিদা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় দাম বেড়েছে, আর কাঁচামরিচ এ সময়ে উৎপাদন কম হয়। এছাড়া চিনির দাম বেড়েছে অযৌক্তিকভাবে।"
ডিম আমদানির ঘোষণায় ডিমের দাম কমতে শুরু করেছে দাবি করে মন্ত্রী বলেন, "আমরা ডিম আমদানি করতে চাই না। তবে ডিম উৎপাদকরা দাম বাড়াবেন না বলে আশা করি।"
কৃষকদের সহায়তার আশ্বাস দিয়ে ফারুক বলেন, "এখন মধ্যস্বত্বভোগী থাকায় কৃষিপণ্যের উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত মূল্য অনেক বেড়ে যায়। তাই কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো এবং কৃষকরা যাতে পণ্য সরাসরি বাজারে বিক্রি করতে পারে, সে জন্য তাদের ঋণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে সরকার।"
কৃষিপণ্যের উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত বেশ কয়েকটি মধ্যস্বত্বভোগী থাকে। এ কারণে কৃষক পর্যায়ে পণ্যের দাম খুচরা পর্যায় পর্যন্ত আসতে কয়েকগুণ বেড়ে যায়।
এর ফলে একদিকে কৃষক যেমন কম মূল্য পায়, তেমনি ভোক্তাদেরও বেশি দাম দিতে হয় বলে অভিযোগ রয়েছে।
ফারুক খান বাংলাদেশী খ্রিস্টানদের যুব সংগঠন 'ট্রান্সফর্ম বাংলাদেশ ট্রাস্ট' আয়োজিত 'স্বাবলম্বিতা এবং আত্মসচেতনতা' শীর্ষক ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভায় তিনি বলেন, "আমরা গতকাল (বৃহস্পতিবার) একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের অনুমোদন দিয়েছি। এ বছরের মধ্যে বেশ কয়েকটি দেওয়ার ব্যবস্থা করবো।"
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আরও পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24