২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস অর্থমন্ত্রীর

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যে দেশের ৭৫ লাখ মানুষ বিভিন্ন দেশ থেকে অর্থ পাঠায় সে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জাতি গঠনেও প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন তিনি। প্রবাসীদের নানা সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যে দেশের ৭৫ লাখ মানুষ বিভিন্ন দেশ থেকে অর্থ পাঠায় সে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জাতি গঠনেও প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন তিনি। প্রবাসীদের নানা সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'সোনার মানুষ সম্মাননা ২০০৯' অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহিত। তিনি বলেন, "প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ শুধু একটি পরিবারেই স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে না। ওই পরিবার ঘিরে আশপাশের এলাকাতেও নানা ধরনের আর্থ-সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। "অনেক এলাকায় প্রবাসীদের পাঠানো টাকায় পোল্ট্রি শিল্পসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এভাবে গ্রামীণ উন্নয়নেও প্রবাসীরা অবদান রাখছেন।" অর্থমন্ত্রী বলেন, "আমাদের উন্নয়ন ও সম্ভাবনাকে কেউ রুখতে পারবে না। যে দেশের ৭৫ লাখ মানুষ প্রবাসে সুনামের সঙ্গে কাজ করে দেশে অর্থ পাঠায়, সে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।" প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মুহিত বলেন, "যারা প্রবাসে থেকে কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, তাদের দুঃখ আছে, অভিযোগ আছে। তাদের আমরা অবহেলা করতে পারি না।" "আপনারা আমাদের অর্থনৈতিক বিবর্তনে অবদান রাখছেন। ধৈর্য ধরবেন; সাহস রাখবেন। আমরা (সরকার) আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।" বেসরকারি সংগঠন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, রামরুর চেয়ারম্যান তাসনীম সিদ্দিকী প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, "বর্তমানে আমাদের প্রবাসীদের সংখ্যা প্রায় ৭৫ লাখ মানুষ। তাদের পাঠানো রেমিটেন্সই সচল রেখেছে আমাদের অর্থনীতির চাকা। আমাদের অর্থনীতির চালিকা শক্তিই হচ্ছে এই রেমিটেন্স।" তিনি বলেন, "প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রতি মাসেই বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই আমরা মধ্য আয়ের দেশে চলে যেতে পারবো।" বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের আশ্বাসও দেন তিনি। রেমিটেন্স পাঠানো প্রবাসীদের 'সোনার মানুষ ও জাতীয় বীর' অভিহিত করে আতিউর বলেন, "রেমিটেন্সের কারণেই আমাদের অর্থনীতিতে বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব কম পড়েছে। রেমিটেন্সের ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০০ কোটি ডলার অতিক্রম করেছে।" অনুষ্ঠানে কুমিল্লার দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আব্দুল হালিম চৌধুরী ও ঢাকার কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের রুহুল আমিনকে সোনার মানুষ সম্মাননা প্রদান করা হয়। সেরা রেমিটেন্স ব্যবহারকারী পরিবারের পুরস্কার পান টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালোহা গ্রামের সুরাইয়া ইয়াসমিন, ঢাকার কেরানীগঞ্জের খাড়াকান্দির সোবহান মোল্লা ও চট্টগ্রামের মোজাফফর আলম। এছাড়া তিনটি রিক্রুটিং এজেন্সি, ১১ জন ব্যাংকার এবং তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে সোনার মানুষ সম্মাননা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৩০ ঘ.