২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিক থেকে উদ্যোক্তা হওয়ার সাহসী এক গল্প

সততা, অদম্য আত্মবিশ্বাস আর ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন সানোয়ার হোসেন। গাজীপুর জেলার ফুলবাড়িয়ার এসএসসি পাস এ যুবক এখন একটি কারখানার মালিক। এক সময়ের পোশাক শ্রমিক সানোয়ারের উদ্যোক্তা হওয়ার গল্প শোনাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সততা, অদম্য আত্মবিশ্বাস আর ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন সানোয়ার হোসেন। গাজীপুর জেলার ফুলবাড়িয়ার এসএসসি পাস করা ২৭ বছরের যুবক সানোয়ার এখন এস কে এস সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক। ১৪ বছর তৈরী পোশাক কারখানায় চাকরি করে মাস চারেক আগে নিজ জেলার হিজলহাতিতে গড়ে তুলেছেন ছোট এই নিট কারখানাটি। বৃহস্পতিবার দুপুরে কারখানাটি ঘুরে দেখার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে সানোয়ার বলেন, "গত এপ্রিল মাস থেকে শুরু করেছি। প্রথমে দুটি মেশিন নিয়ে কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছি। এখন ১৮টি মেশিন ও ১৫ জন শ্রমিক নিয়ে পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছি। "লাভ-লোকসানের হিসাব করিনি। যা আয় হচ্ছে তা থেকেই শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচ করছি।" সাহসী উদ্যোক্তা সানোয়ার শোনান তার স্বপ্নের কথা। "আশা করি, আগামী পাঁচ বছরের মধ্যে আমার কারখানায় ৪০০ মেশিন হবে। কাজ করবে কমপক্ষে ৬০০ শ্রমিক। বাঁচবে ৬০০ পরিবার।" কিন্তু সানোয়ারের স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারখানা বাড়ানোর টাকা না পাওয়া। ব্যাংকের কাছে গিয়েও সাড়া পাননি। উপায় না পেয়ে বেশি সুদে স্থানীয় এনজিও'র কাছ থেকে টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিনি। সানোয়ার বলেন, "ব্যাংক জামানত ছাড়া ঋণ দেবে না বলে জানিয়ে দিয়েছে, এখন এনজিও'র কাছে টাকা চেয়েছি। আশা করি পাব, তাহলে আরও আটটি মেশিন বসাব।" অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ব্যাংকগুলো এ খাতের উদ্যোক্তাদের তেমন ঋণ দেয় না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে তাদের মোট বিতরণ করা ঋণের ৪০ শতাংশ এসএমই ও নারী উদ্যোক্তাদের দেওয়ার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো তা মানছে না বলেই অভিযোগ। বিশ্ব অর্থনীতির মন্দা সম্পর্কে কিছু জানেন কিনা-এ প্রশ্নে সানোয়ারের উত্তর, "বিশ্বে মন্দা না কী হয়েছে যেন শুনেছি। অতসব আমি ভাবিনি। সাব-কনট্রাকে কাজ করি। বড় বড় কারখানা থেকে অর্ডার এনে কাজ বুঝিয়ে দিয়ে টাকা নিই।" তবে বড় কারখানাগুলোর অর্ডার কমে আসায় আগের চেয়ে কাজের পরিমাণ কমে গেছে জানিয়ে সানোয়ার বলেন, "আগে যেখানে কারখানাগুলো প্রতি পিস সোয়েটারের জন্য ২৫ টাকা পর্যন্ত দিত, এখন ২০ টাকার বেশি দেয় না।" শুধু দাম কম পাওয়াই নয়, বিদ্যুৎ সমস্যাও ভোগাচ্ছে সানোয়ারকে। তিনি বলেন, "দিনের ৭/৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। জেনারেটর দিয়ে উৎপাদন চালিয়ে যেতে হয়। আর এ কারণে প্রতি ঘণ্টায় ৫০ টাকার মতো বাড়তি খরচ হয়।" নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি ফজলুল হক বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে ছোট কারখানাগুলোর টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়েছে। মন্দার ক্ষতি পুষিয়ে দিতে সরকার বাজেটে যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রেখে তা থেকে এ কারখানাগুলোকে নগদ সহায়তা দেয়া উচিৎ।" সানোয়ারের স্ত্রী জরিনা আকতার স্বামীর কারখানাতেই অপারেটরের কাজ করেন। স্বামীর স্বপ্নে সঙ্গী জরিনা বলেন, "স্বামীর কারখানায় কাজ করলেও মাস শেষে ঠিকই বেতন-ভাতা কড়ায়-গণ্ডায় বুঝে নিই। ওভার টাইমসহ মাসে ৮ থেকে ৯ হাজার টাকার মতো পাই।" "স্বামী ছোট ব্যবসায়ী থেকে একজন বড় ব্যবসায়ী হবে; ছেলেটাকে মানুষের মতো করে মানুষ করব- এটাই এখন আমার একমাত্র স্বপ্ন", বলেন জরিনা। এস কে এস কারখানার কর্মী শিমু আকতার শিউলি বলেন, "এক মাস প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছি। এখন ৪ হাজার টাকার মতো বেতন পাই। আরও বেশি বেতনের চাকরি করতে চাই।" আরেক কর্মী সেলিম মাহমুদ বলেন, "আমি আর সানোয়ার ভাই আগে একই কারখানায় অপারেটরের চাকরি করতাম। এখন তার কারখানায় কাজ করছি। খুবই ভালো লাগছে।" রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে মোট ১৪০০ কোটি ডলারের রপ্তানি আয় দেশে এসেছে। এরমধ্যে ৬০০ কোটি ডলারের বেশি এসেছে নিট পোশাক রপ্তানি থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১২১৯ ঘ.