ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বদলে গেল মোবাইল ফোন অপারেটর ওয়ারিদের লোগো। সেই সঙ্গে 'ব্র্যান্ড' এর নামও।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আবুধাবি গ্রুপের মালিকানাধীন ওয়ারিদ বুধবার আনুষ্ঠানিকভাবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লোগো বদলের ঘোষণা দেয়। এ নতুন লোগোর মাধ্যমে ধাবি গ্রুপের অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয়গত একাত্মতা ঘোষণা করল ওয়ারিদ।
এখন থেকে ধাবি গ্রুপের সব প্রতিষ্ঠান একই রকমের লোগো ব্যবহার করবে বলে ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীর ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে জানান।
লোগো বদল উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় ওয়ারিদের প্রায় তিরিশ হাজার গ্রাহক দিনভর বিনামূল্যে বাসে নিজ গন্তব্যে যেতে পারবেন বলে জানানো হয় অনুষ্ঠানে।
ওয়ারিদের নয়া লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও মুনীর ফারুকী। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জিয়া আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজিউদ্দিন রাজু বলেন, আমরা আধুনিক টেলিযোগাযোগ সুবিধা সমপ্রসারণ, উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।
মন্ত্রী দিন বদলের অভিযাত্রায় বেসরকারি মোবাইলফোন কোম্পানিসহ সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহবান জানান।
রাজিউদ্দিন রাজু অনুষ্ঠানে জানান, টেলিযোগাযোগ খাতের উন্নয়নে চীনের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। টেলিটক ও বিটিআরসির উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। এনজিএন প্রযুক্তি স্থাপন করা কবে।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ওয়ারিদ ভবিষ্যতে আরো বেশী বিনিয়োগ করবে। আরো বেশী জনগণকে সম্পৃক্ত করবে। তাদের কাছে আমার প্রত্যাশা তারা যেন গরিব মানুষ এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষকে গুরুত্ব দেয়। তাদের কথা ভাবে। সে ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীর ফারুকী বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাহককে গুণগত মানসম্পন্ন প্রতিযোগিতামূলক সর্বোচ্চ মানের সেবা দেওয়া। সে জন্য আরো নতুন সেবা নিয়ে আসছি।
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ওয়ারিদের ১৭৫০ টি বেজস্টেশন রয়েছে। এ পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে কোম্পানিটি। সরকারকে কর দিয়েছে ৬৫০ কোটি টাকা। দেশে ৪ হাজার লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। আর গ্রাহক সংখ্যা ২৫ লাখেরও বেশী।
২০০৭ সালের মে মাসে যাত্রা শুরু করা ওয়ারিদ গ্রাহকদের জন্য তাদের প্যাকেজের নাম দিয়েছিল জেম ও জাহি নামে। প্রি পেইড ও পোস্ট পেইডের এ ব্র্যান্ড নেম পাকিস্তান থেকে ধার করা হয়েছিল। সেখানে ধাবির মালিকানাধীন মোবাইল অপারেটর এ নামেই প্যাকেজ বিক্রি করে থাকে। তবে দুবছরের শেষে এসে এবার তারা এর নাম বদলে রেখেছে ওয়ারিদ প্রি-পেইড ও ওয়ারিদ পোস্ট পেইড। ওয়ারিদ ফ্র্যাঞ্চাইজের নাম বদলে রেখেছে ওয়ারিদ কেয়ার।
বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন ওয়ারিদের সিনিয়র ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশন্স আসিফ আহমেদ।
ওয়ারিদের ব্র্যান্ড ভ্যালু ব্যাখ্যা করে তিনি বলেন, নয়া ব্র্যান্ড ভ্যালু হিসাবে ৬ টি বিষয়- সারল্য, সততা, উদ্ভাবন, গুণগতমান, গতিশীলতা এবং বন্ধুত্ব স্থান পেয়েছে।
অনুষ্ঠানে ওয়ারিদের জেনারেল ম্যানেজার-গভর্ণমেন্ট অ্যান্ড অপারেটরস রিলেশন্স আশরাফ এইচ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24