২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী ইরান

ইরান চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত হাসান ফারাজান্দে। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরান চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত হাসান ফারাজান্দে। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত চট্টগ্রামকে 'অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরী' অভিহিত করে বলেন, এখানে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। এ কারণে ইরান চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে বিভিন্ন খাতে বিশেষ করে জ্বালানি তেল শোধন খাতে তার দেশ বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহের কথা জানিয়ে ইরানী রাষ্ট্রদূত বলেন, এদেশের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন করতে চায় তেহরান। হাসান ফারাজান্দে বাংলাদেশকে একটি 'প্রকৃত মডারেট' মুসলিম দেশ আখ্যায়িত করে বলেন, ধর্মীয় দিক থেকে উভয় দেশের মানুষের অনুভূতি প্রায় অভিন্ন। বিশেষ করে রমজান ও শাবান মাস দু'দেশের মানুষের কাছে বিশেষ গুরুত্ববহ। প্রাকৃতিক সম্পদের দিক থেকে শুধুমাত্র দ'ুদেশের মধ্যে পার্থক্য রয়েছে। তাই দেশ দু'টির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে মত বিনিময় সভায় ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফারুক ইকবাল, সহ সভাপতি আসিফ সিরাজ, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, লাইব্রেরী সম্পাদক স ম ইব্রাহিম, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর কাদের মঞ্জু, ক্রীড়া সম্পাদক মোরশেদ আলম ও নির্বাহী সদস্য শহীদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলৈন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫০ ঘ.