ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণখেলাপির তালিকায় নাম আসায় বেক্সিমকো গ্রুপসহ অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, শিগগিরই ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ একটি তালিকা প্রকাশ করা হবে। নতুন তালিকায় অনেক প্রতিষ্ঠান বাদ পড়তে পারে।
দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ দাবি করেছে, তাদের অন্যায্যভাবে ঋণখেলাপির তালিকাভুক্ত করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, তাদের দাবি সঠিক হতে পারে, নতুন তালিকা এলেই বিভ্রান্তি কেটে যাবে।
গত ৫ জুলাই অর্থমন্ত্রী সংসদে দেশের ঋণখেলাপি ২ হাজার ১৯৬টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৫১ শ কোটি ২ লাখ টাকা বলে জানান তিনি।
তালিকায় দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের নাম ছিল। এর প্রতিক্রিয়া জানিয়ে বেক্সিমকোর পক্ষ থেকে বুধবার অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। বেক্সিমকো বলছে, তারা ঋণখেলাপি নয়।
এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে এক অনুষ্ঠানের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, " গতকাল (বুধবার) বেক্সিমকো গ্রুপ থেকে আমাকে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। তাতে তারা দাবি করেছেন, তাদের কোনও প্রতিষ্ঠান ঋণখেলাপি নয়।"
"বেক্সিমকো দাবি করেছে, অন্যায্যভাবে তাদের ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এর বিরোধিতা করব না। তাদের দাবি সঠিক হতে পারে।"
তিনি বলেন, "আমি জাতীয় সংসদে ঋণ খেলাপির যে তালিকা প্রকাশ করেছিলাম, তা ছিল ৩১ মার্চ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরেমশেন ব্যুরো (সিআইবি) থেকে এ তালিকা সরবরাহ করা হয়েছিল। বর্তমানে আমার কাছে ৩১ মে পর্যন্ত হালনাগাদ তথ্য আছে। জুন মাসের তথ্য আসার পর চলতি মাসের মধ্যেই খেলাপি ঋণ সংক্রান্ত আরেকটি তালিকা প্রকাশ করা হবে।"
"মে-জুন মাসের হালনাগাদ তথ্য পাওয়া গেলে হয়তো দেখা যাবে, জাতীয় সংসদে আমি যে তালিকা প্রকাশ করেছিলাম তার অনেকে বাদ পড়ে গেছে", বলেন মুহিত।
নতুন যে তালিকা প্রকাশ করা হবে তাতে অন্যরকম চিত্র পাওয়া যাবে বলে তিনি বলেন।
বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে পড়ার জন্য দেশে গত দুই বছরের রাজনৈতিক অবস্থাকে দায়ী করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঋণখেলাপি হয়ে পড়েছিল। অনেক প্রতিষ্ঠানের মালিককে জেলে ঢোকানো হয়। অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। কেউ পালিয়ে ছিলেন। এগুলো (তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম) ঠিক না বেঠিক- তা নিয়ে মন্তব্য করব না। কোনও কোনও ক্ষেত্রে হয়ত ঠিক ছিল, আবার কোনও কোনও ক্ষেত্রে হয়ত ছিল না।"
"ডিসেম্বরের পর অনেক শিল্প মালিক নতুন উদ্যমে কাজ শুরু করে উৎপাদন কার্যক্রম আগের অবস্থায় নিয়ে গেছে। অনেক শিল্প প্রতিষ্ঠান ঋণ পুনঃতফসিল (ঋণ পরিশোধ নিয়মিতকরণ) করে খেলাপির তালিকা থেকে দুর্নাম ঘুচিয়েছেন। "
সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানও অনেকের মতো গ্রেপ্তার হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা।
সংসদে প্রকাশ করা তালিকার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমি যে তালিকা প্রকাশ করেছিলাম, তাতে অনেক প্রতিষ্ঠানে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা ঠিক যে কোনও প্রতিষ্ঠান খেলাপি হলে সে প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে খারাপ ধারণা সৃষ্টি হয়। ফলে তালিকা প্রকাশে বেক্সিমকোসহ অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই আমি কিছু দিনের মধ্যেই আরেকটি হালনাগাদ তালিকা প্রকাশ করব।
খেলাপি ঋণের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো যে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার পদক্ষেপ নেবে বলে অর্থমন্ত্রী জানান।
অনেক সময় হালনাগাদ তথ্য না পাওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়- এ মন্তব্য করে মুহিত বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি থেকে তথ্য পেতে অনেক সময় দেরি হয়। আবার ব্যাংকগুলো তাদের খেলাপি ঋণ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতেও অনেক সময় দেরি করে।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মুহিত রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১২৩৬ ঘ.
bdnews24