সাভার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষে সোমবার সকালে তৃতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে ওঠে সাভারের পোশাক শিল্প এলাকা।
গত দু'দিনে আনসার ও পুলিশের গুলিতে দু'জন নিহত হওয়ার প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক একটি সোয়েটার কারখানায় সোমবার সকালে আগুন ধরিয়ে দেয়।
আগুনে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত হামিম গ্র"পের মালিকানাধীন ওই কারখানার আগুন দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এদিকে ঢাকা টাঙ্গাইল-মহাসড়কের নরসিংহপুর থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুনে কারখানার ভেতরে রাখা তিনটি বাস ও একটি লরি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিকরা আলফা গ্র"পের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ডিইপিজেডেও শ্রমিকরা বিক্ষোভ করে।
এর আগে শ্রমিকরা সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় একটি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা শত শত শ্রমিক নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ করেন। সমাবেশে আনসার-পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করা হয়। পরে শ্রমিকরা একটি মিছিল নিয়ে ইপিজেডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৫৫০ ঘ.
bdnews24