২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করায় মুহিতের নতুন ফরমুলা

প্রস্তাবিত বাজেটে তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের ব্যাপক সমালোচনার মুখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে একটি নতুন ফরমুলা দিয়েছেন। তার প্রস্তাব, বিনিয়োগের আগে টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের ব্যাপক সমালোচনার মুখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে একটি নতুন ফরমুলা দিয়েছেন। তার প্রস্তাব, বিনিয়োগের আগে টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না। পরে সাদা টাকা বিনিয়োগকারীদের সরকার একটা অংশ ফেরত দেবে। আর কালো টাকার ক্ষেত্রে কিছু ফেরত দেওয়া হবে না। তবে এ চিন্তাভাবনা (ফরমুলা) একান্তই তার ব্যক্তিগত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, আগামী অর্থবছরের বাজেটে এ ধরনের কোনও বিষয় কার্যকর হবে না। রোববার সচিবালয়ে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, "বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এতে সৎ করদাতারা কর দিতে উৎসাহ হরিয়ে ফেলবেন বলে অনেকেই বলছেন। "এটাই স্বাভাবিক। ব্যক্তিগতভাবে আমি মনে করি, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক। আইনগতভাবে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বিকল্প পথও খুঁজে বের করা যেতো।" নিজের ফরমুলার ব্যাখ্যায় মুহিত বলেন "এ বিষয়ে আমার একটি নিজস্ব চিন্তা বা পরিকল্পনা আছে। আমার মতে, বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের টাকাকেই (সাদা ও কালো) সুযোগ দেওয়া যেতে পারে। এমন হতে পারে, ১৫ অথবা ২০ শতাংশ কর দিয়ে যে কোনও বিনিয়োগকারী কোনও খাতে বিনিয়োগ করলো। বিনিয়োগের পর সাদা টাকা অর্থাৎ সব নিয়ম মেতে নির্ধারিত হারে নিয়মিত কর পরিশোধ করা হয়েছে যে টাকার, সে টাকার বিপরীতে একটি নির্দিষ্ট অংক (হতে পারে মোট বিনিয়োগের ১০ শতাংশ) সরকার ওই বিনিয়োগকারীকে ফেরত দেবে। আর যে বিনিয়োগকারীর টাকার কর নিয়মিত পরিশোধ করা হয়নি অর্থাৎ কালো টাকা, তাকে কোনও টাকা ফেরত দেওয়া হবে না।" ২০০৯-১০ অর্থবছরের বাজেটে এ ফরমুলা কার্যকর হওয়ার কোনও সম্ভাবনা নেই জানিয়ে মুহিত বলেন, "এটি একান্তই আমার ব্যক্তিগত মত। বিষয়টি নিয়ে আগামীতে ভাবা যেতে পারে। এ নিয়ে জনমত যাচাইয়েরও প্রয়োজন আছে।" অর্থমন্ত্রী বলেন, "বিভিন্ন মহল থেকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে যে বিরোধিতা বা সমালোচনা হচ্ছে, তা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্ববহ। বার বার এ সুযোগ দেওয়ার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবে না। তারাও ভবিষ্যতে বর্তমানের মতো কর না দিয়ে কালো টাকার জন্ম দেবে। আর সামান্য কিছু জরিমানা দিয়ে সাদা করার অপেক্ষায় বসে থাকবে। "এ খারাপ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। নতুন প্রজন্মই আমাদের ভোট দিয়ে এবার ক্ষমতায় বসিয়েছে। তাদের ভবিষ্যতের বিষয়টি অবশ্যই আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।" অর্থমন্ত্রী বলেন, "বিনিয়োগ বাড়াতে বাজেটে ১০ শতাংশ কর দিয়ে তিন বছর কালো টাকা সাদা করার যে প্রস্তাব করা হয়েছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে কিনা- তা আমি ২৯ জুনের আগের কিছুই বলতে পারছি না। এ বিষয়টি শুধু আমার একার বিষয় নয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামতের প্রয়োজন আছে। কালো টাকার বিষয় নিয়ে সরকারের একটি গ্র"প কাজ করছে। সবকিছু বিচার-বিশ্লেষন করে ৩০ জুন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" প্রস্তাবিত বাজেটের প্রশংসাও আসছে দাবি করে মুহিত বলেন, "বিএনপি'র এক শীর্ষ নেতা ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া ছাড়া বাজেটের সব দিকই ভালো।" বৈঠকে ফরেন চেম্বারের সভাপতি ওয়ালিউর রহমান ভূঁইয়া বলেন, "তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া ছাড়া বাজেটের সব দিকই ভালো ছিল। এবারের বাজেট শুধু অংকের ব্যাপার নয়। বাজেটে একটি ভিশন (লক্ষ্য) আছে; সুনর্দিষ্ট পরিকল্পনা আছে। পিপিপি (সরকাারি-বেসরকারি অংশিদারিত্ব) একটি দারুণ ধারণা। এর মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।" ওয়ালিউর রহমান ১০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। গত ১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি আগামী ৩ বছর (২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত) কোনও প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগে বিভিন্ন সরকার টাকা সাদা করার সুযোগ দিলেও এত দীর্ঘ সময় ধরে তা কখনোই দেওয়া হয়নি। বাজেট পেশের পর থেকেই বিভিন্ন মহল থেকে টানা তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের সমালোচনার ঝড় উঠেছে। এমনকি সরকারি দলের (আওয়ামীলীগ) সদস্যরাও জাতীয় সংসদে বাজেট আলোচনা এবং সংসদের বাইরে বিভিন্ন সভা-সেমিনারে সরকারের প্রস্তাবের সমালাচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৪১ ঘ.