ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত গাড়ি, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, দামি মোবাইল ফোন সেট, নিউজপ্রিন্ট, গুঁড়োদুধ, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসবের দাম বাড়তে পারে।
আবার হাইব্রিড কার, গণপরিবহন ট্যাক্সিক্যাব, সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ সৌর প্যানেল, এনার্জি সেভিং বাল্ব, আমদানী করা জাহাজ, মৌলিক শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমতে পারে।
তামাকজাত পণ্যের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব করায় বাড়ছে সিগারেট-বিড়ির দামও। সিগারেটের মূলস্তর ও বিড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ট্যারিফ আরোপের প্রস্তাবসহ জর্দ্দা ও গুলের ওপরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব পেশ করেন।
আমদানি শুল্ক বাড়ানো পণ্যের মধ্যে রয়েছে, গাড়ি, মোবাইল ফোন সেট, নিউজপ্রিন্ট, গুঁড়োদুধ, জুতা, স্যুটকেস, ব্যাগসহ চামড়াজাত পণ্য, সিরামিকের পণ্য, পার্টিকেল বোর্ড, হার্ডবোড, প্লাইউড, মশার কয়েল, ইমিটেশন জুয়েলারি।
এছাড়া টুথব্রাশ, বিস্কুট, ড্রাইসেল ব্যাটারি, লিকুইড গ্লুকোজ, ডেক্সট্রোজ, করোগেটেড কার্টন, বাথরুম ও বাড়িতে ব্যবহার্য এক ইঞ্চি বা তার কম ট্যাপ, ককস, ভাল্ব, বয়ামের ঢাকনা (লাগ ক্যাপ), ফেরো ম্যাঙ্গানিজ ও সিলিকন ম্যাঙ্গানিজ, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, বিলাসবহুল বৈদ্যুতিক বাতি ও লাইট ফিটিংস-এর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এদিকে আমদানি শুল্ক কমানো পণ্যের মধ্যে রয়েছে, হাইব্রিড কার, ট্যাক্সিক্যাব, সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ সৌর প্যানেল, এনার্জি সেভিং বাল্ব, ৩ হাজার টনের বেশি ধারণ ক্ষমতার আমদানিকৃত জাহাজ, আমদানিকৃত মননশীল বই, ডিএপি সার উৎপাদনের কাঁচামাল (ফসফরিক এসিড)।
বাল্কে আমদানিকৃত দুগ্ধজাত খাদ্য, মৌলিক শিল্পের কাঁচামাল বিবেচনায় সালফার, টাইটানিয়াম বেজড পিগমেন্ট, প্লাস্টিক ও রাবার শিল্পে ব্যবহার্য কম্পাউন্ড প্লাস্টিসাইজার, আনফিনিশড অ্যাসবেস্টসের তৈরি ব্রেক লাইনিং তৈরির কাঁচামালেরও আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এসকে/১৯২৪ঘ.
bdnews24