ঢাকা, জুন ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'মাকাল ফল মার্কা বাজেট' হিসেবে অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট পেশ করার পর সিপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির এ প্রতিক্রিয়া জানায়।
এ ব্যাপারে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো তাদের এই বাজেট প্রতিক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতদৃষ্টিতে বাইরে থেকে দৃষ্টিনন্দন মনে হলেও বাজেটের মর্মকথা ও মূলনীতি অত্যন্ত 'কুৎসিত' প্রকৃতির।
এতে আরো বলা হয় "কিছু চটকদার প্রলেপ বা উইন্ডো ড্রেসিং যুক্ত করা হলেও এ বাজেট যে মূলত লুটেরা ধনিকদের স্বার্থরক্ষা ও সুবিধা প্রদানের লক্ষ্য থেকে প্রণীত- তা কোনোভাবেই আড়াল করা সম্ভব হয়নি। কালো টাকা সাদা করার সুযোগসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বাজেটের মূল চরিত্র প্রকাশিত হয়েছে। এতে শ্রমজীবী মানুষের সামগ্রিক সমস্যা সমাধানে চরম উদাসীনতা দেখানো হয়েছে। কৃষি ও শিল্পের প্রকৃত সমস্যা সমাধান না করে আগের মতোই লুটপাটকারীদের অযৌক্তিক আবদারের কাছে মাথা নত করা হয়েছে।"
সিপিবির মতে, এ বাজেট গত তিন যুগ ধরে চলে আসা 'সাম্রাজ্যবাদনির্ভর লুটপাটের অর্থনীতির ধারাবাহিকতার আরেকটি নব সংযোজন'।
চমক সৃষ্টির জন্য অনেক বাগাড়ম্বর ও চমকদারির ছিঁেটফোটা থাকলেও দিনবদলের প্রতিশ্র"তি রক্ষা করার মতো কোন নতুনত্ব এ বাজেটে নেই বলে মনে করে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১০৫ ঘ.
bdnews24