২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর অবকাশ সুবিধা বাতিলের দাবি সিপিবি'র

জাতীয় বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ না দেয়া ও কর অবকাশ সুবিধা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ না দেয়া ও কর অবকাশ সুবিধা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ কর অবকাশ ও অপ্রদর্শিত আয় বৈধ করার ব্যাপারে সংসদীয় কমিটির সুপারিশেরও কঠোর সমালোচনা করেন। তারা বলেন, 'কালো টাকা' ও অপ্রদর্শিত আয়' ইত্যাদি নামে প্রায় প্রতি বছর অবৈধ অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। এ ধরণের প্রবণতা প্রমাণ করে জাতীয় অর্থনীতি ও রাজনীতি লুটেরাদের হাতে জিম্মি হয়ে আছে।'' নেতৃবৃন্দ বলেন, ''সরকার এ ধরণের সুযোগ দিলে তা অবৈধ অর্থের মালিকদের জন্য সবুজ সংকেত হিসেবে কাজ করবে। সেই সঙ্গে দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় আসা সরকারও আগের সরকারগুলোর তুলনায় যে ব্যতিক্রম নয়-দুর্নীতিবাজদের কাছে তা পরিস্কার হয়ে যাবে।'' কর অবকাশ সুবিধার বিরোধিতা করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ধরে এ সুবিধা দেওয়ায় দেশে পরনির্ভরশীল উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে। যে যুক্তিতে কর অবকাশ সুবিধা দেওয়া হচ্ছে আজ পর্যন্ত পুজিঁপতিরা তা কাজে লাগিয়ে প্রতিযোগিতার সামর্থ অর্জন করতে পারেনি। নেতৃবৃন্দ বাজেটে শ্রমিকসহ সাধারণ মানুষের জন্য সুবিধা দেওয়ার নানা ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/২০১৭ ঘ.