২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন লোটাস কামাল

শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে অর্থমন্ত্রীর বক্তব্যের বিপক্ষে মত দিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে অর্থমন্ত্রীর বক্তব্যের বিপক্ষে মত দিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। অর্থমন্ত্রীর নাম উল্লেখ না করে মঙ্গলবার মুস্তফা কামাল বলেন, "কর অবকাশ সুবিধা আর দেওয়া হবে না, এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।" এর আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। তবে তিনি বলেন, যে সব শিল্প-প্রতিষ্ঠান এ সুবিধা পাচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত ওই সব প্রতিষ্ঠানকে এ সুবিধা দেওয়া হবে। জাতীয় দৈনিক 'ইনকিলাব' আয়োজিত 'আসন্ন জাতীয় বাজেট: আগামীর বাংলাদেশ' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে মুস্তফা কামাল বলেন, "আমরা বাজেটে কর অবকাশ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছি। আমরা জানি শিল্পায়নের জন্য কর অবকাশ সুবিধা দরকার। এদেশের ৮০ শতাংশ শিল্পই গড়ে উঠেছে কর অবকাশ সুবিধা নিয়ে। এখানে এত শিল্প গড়ে ওঠেনি যে কর অবকাশ সুবিধা আর দেওয়া যাবে না।" রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোল টেবিল আলোচনায় কর অবকাশ সুবিধার পক্ষে মত দিতে গিয়ে বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "শিল্পায়নের স্বার্থে কর অবকাশ সুবিধা অবশ্যই বজায় রাখতে হবে। দারিদ্র বিমোচনের স্বার্থে আমরা কাজ করছি। কর অবকাশ সুবিধা না থাকলে দারিদ্র দূর করা সম্ভব হবে না।" রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) শিল্প-কারখানা গড়ে তোলার জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হলে এর বাইরের উদ্যোক্তাদের কেন এই সুবিধা দেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানের পরামর্শ দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, "বিদ্যুতের বর্তমান দুরবস্থার জন্য বর্তমান সরকার দায়ী না হলেও সমস্যার সমাধান না হলে দু'বছর পর এর দায়ভার এ সরকারের ওপরই বর্তাবে।" বাজেটে জ্বালানি খাতের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্র"পের ডেপুটি-চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, "এটিই আমাদের কাছে সব চেয়ে অগ্রাধিকারমূলক বিষয়। এছাড়া ব্যাংক ঋণের সূদের হার কমাতে হবে। আর তা কমাতে হলে ব্যাংকের করের হারও কমাতে হবে।" দারিদ্র বিমোচনের জন্য তিনি বাজেটে কৃষি ও শিল্পখাতের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এককভাবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্পখাতের জন্য বাজেটে সুনির্দিষ্ট আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান। ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রাকিবুর রহমান কোন প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়কে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/১৭৩৫ ঘ.