ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মোবাইল ও ল্যাণ্ডফোন (পিএসটিএন) অপারেটরদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে রাজস্ব ও গ্রাহক সংখ্যা বাড়াতে সারাদেশে একই কলরেট চালু করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানান।
তিনি বলেন, "সারা দেশে বিটিসিএল এর একই রেট চালু করা হবে। ফ্ল্যাট রেট থাকবে। লোকাল ও এনডব্লিওডি কলে একই রেটে কথা বলে যাবে। তবে এনডব্লিওডি কোড ব্যবহার করতে হবে।
দু' তিন মাসের মধ্যে এ কলরেট চালু করা হবে বলে মন্ত্রী জানান।
বর্তমান কলরেট অনুসারে স্থানীয় কলের ক্ষেত্রে একজন গ্রাহক অফপিক আওয়ারে প্রতি মিনিট ১০ পয়সায় কথা বলতে পারেন। পিক আওয়ারের কলরেট হচ্ছে প্রতিমিনিট ১৫ পয়সা। এক জেলা থেকে অপর জেলায় (এনডব্লিওডি) কথা বলতে পিক আওয়ারে কলরেট হচ্ছে প্রতি মিনিট ১ টাকা । অফপিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পিক আওয়ার ধরা হয়।
বিটিসিএল থেকে বেসরকারি ল্যান্ড ফোন অপারেটরদের (পিএসটিএন) সঙ্গে কথা বলতে পিক আওয়ারে প্রতি মিনিটে দিতে হয় ৮০ পয়সা। অফপিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। বিটিসিএল থেকে মোবাইল ফোনে কথা বলতে পিক আওয়ারে ১ টাকা প্রতি মিনিট। অফপিকে ৭০ পয়সা প্রতি মিনিট।
লাইন রেন্টের সঙ্গে গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট সময় বিনামূল্যে কথা বলতে পারেন। ঢাকা ও চট্টগ্রামে মাসিক লাইন রেন্ট ৮০ টাকার সঙ্গে রয়েছে ৫০ মিনিট বোনাস টকটাইম। বিভাগীয় শহরে ৭০ টাকা লাইনরেন্টের সঙ্গে ১০০ মিনিট এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা লাইন রেন্টের সঙ্গে ১০০ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ রয়েছে।
ঢাকার গ্রাহকদের জন্য নতুন সংযোগ ফি ১০০০ টাকা। এর সঙ্গে জামানত হিসেবে দিতে হয় ১০০০ টাকা। এছাড়া চট্টগ্রামে নতুন সংযোগের জন্য ৫০০ টাকা সংযোগ ফি ও ৫০০ টাকা জামানত। অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ ফি ৩০০ টাকা ও ৩০০ টাকা জামানত দিতে হয়।
বিটিসিএল এর গ্রাহকরা ফি ছাড়াই ডায়ালআপ ইন্টারনেট সংযোগ পান। আবেদন করলে গ্রাহককে একটি গোপন নম্বর দেওয়া হয়। ওই গোপন নম্বর ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যায়। বর্তমানে ইন্টারনেট ব্যবহারের রেট হচ্ছে অফপিকে ২০ পয়সা এবং পিক আওয়ারে ৪০ পয়সা প্রতি মিনিট।
বর্তমানে বিটিসিএল এর গ্রাহক সংখ্য্ া প্রায় ৮ লাখ ৭২ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৮৩৩ ঘ.
bdnews24