২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ এর প্রথম কোয়ার্টারে গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে

চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে। তবে গ্রাহক প্রতি রাজস্ব এবং মূলধনী বিনিয়োগ কমেছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেডাল মঙ্গলবার চলতি বছরের প্রথম তিন মাসের অর্থনৈতিক ফলাফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে। তবে গ্রাহক প্রতি রাজস্ব এবং মূলধনী বিনিয়োগ কমেছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেডাল মঙ্গলবার চলতি বছরের প্রথম তিন মাসের অর্থনৈতিক ফলাফল ঘোষণা করেন। ২০০৮ এর একই সময়ের তুলনায় এ বছর রাজস্ব আয় বেড়েছে শতকরা ৬ ভাগ। গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানতঃ কোম্পানির গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং ২০০৮ এর চতুর্থ কোয়ার্টার থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডবি−উ) চালু হওয়ার কারণে ইন্টারকানেকশন রাজস্ব বৃদ্ধিই এই প্রবৃদ্ধির কারণ। এ বছরের প্রথম তিন মাসে মোট রাজস্ব আয় ছিল ১৫৮০ কোটি টাকা। ২০০৮ এর একই সময় তা ছিল ১৪৯০ কোটি টাকা। গত বছর বার্ষিক রাজস্ব ছিল ৬১৪০ কোটি টাকা। এবছরের প্রথম কোয়ার্টারে নতুন করে বিনিয়োগকৃত ২৮০ কোটি টাকা সহ গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ দাড়িয়েছে ১৪২০০ কোটি টাকা। ২০০৮ সালে বিনিয়োগ করা হয়েছে ২৭৫০ কোটি টাকা। গ্রাহক প্রবৃদ্ধি কম হওয়ায় নেটওয়ার্কের ব্যবহার কম বৃদ্ধি পেয়েছে, ফলে প্রথম কোয়ার্টারে গ্রামীণফোনের মূলধনী বিনিয়োগও কম হয়েছে। এতে বলা হয়েছে, এবছরের প্রথম কোয়ার্টারে ৬৩,০০০ নতুন গ্রাহক গ্রামীণফোন পরিবারে যুক্ত হয়েছেন। সংযোগ মূল্যের সঙ্গে সিম ট্যাক্স যুক্ত হওয়ায় গ্রাহক প্রবৃদ্ধির হার কমেছে। গ্রামীণফোন গত জানুয়ারি মাসে তার আইপিও এর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে চুড়ান্ত আবেদন জমা দিয়েছে এবং এসইসি এর অনুমোদনের অপেক্ষায় আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪৮ঘ.