২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটে এডিপি'র আকার ২৯ হাজার কোটি টাকা

আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২৯ হাজার কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। বুধবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) আয়োজিত '২০০৯-১০ অর্থবছরে জাতীয় বাজেটের জন্য সুপারিশমালা' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২৯ হাজার কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। বুধবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) আয়োজিত '২০০৯-১০ অর্থবছরে জাতীয় বাজেটের জন্য সুপারিশমালা' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, "এ মুহূর্তে এডিপি'র সঠিক আকার আমি মনে করতে পারছি না। তবে এটি ২৯ হাজার কোটি টাকার মতো হতে পারে।" ২০০৮-০৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২৫৬০০ কোটি টাকা এবং ২০০৭-০৮ অর্থবছরে ২৬০০০ কোটি টাকা ছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এডিপি'র আকার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিআইডিএস ২০০৯-১০ অর্থবছরে এডিপি'র আকার ২৬ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার সুপারিশ করেছে। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, "তবে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের নিু হার বিবেচনা করে বিকল্প হিসেবে এডিপি'র আকার ৩০ হাজার কোটি টাকার মতো করা যেতে পারে।" বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট দৃঢ়- এ মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, "অর্থনীতির বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রবৃদ্ধি ৬ শতাংশের মতো হবে।" তবে কয়েকটি খাতে বিশেষ করে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি মন্থর হয়ে যাওয়ার লক্ষণও বাংলাদেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে। তিনি বলেন, "তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় এ পর্যন্ত সন্তোষজনক হলেও চামড়া, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য খাতে প্রবৃদ্ধি অনেকটা হ্রাস পেয়েছে।" প্রয়োজনে রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতের ওপর সরকারের মনোযোগ বাড়ানোর ব্যাপারেও জোর দেন গবেষণা পরিচালক। বিআইডিএস মনে করে, দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের ওপর মন্দার প্রভাব মোকাবেলায় আসন্ন বাজেটে এ বিষয়ে দিক নির্দেশনা রাখা জরুরি। আসাদুজ্জামান বলেন, "মন্দা মোকাবেলায় সরকার ঠিক পথেই এগুচ্ছে। তবে দক্ষতার সঙ্গে সবকিছুর বাস্তবায়নই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলায় তিন বছরের জন্য 'সংকট মোকাবেলা তহবিল' সৃষ্টি করে মন্দা কবলিত বিভিন্ন খাতে, বিশেষ করে রপ্তানিকারক প্রতিষ্ঠান, বিদেশ থেকে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের ঋণদানসহ অন্যান্য সহায়তা প্রদানের সুপারিশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। সরকারি এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, আগামী অর্থবছরের বাজেটে বিনিয়োগকে প্রাধান্য দিয়ে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি প্রসঙ্গে বিআইডিএস এর সুপারিশ, অনেকগুলো নিরাপত্তা বলয় কর্মসূচির পরিবর্তে কার্যকর একটি কর্মসূচি হাতে নেওয়া। প্রতিষ্ঠানটির মতে, সরাসরি দরিদ্রদের লক্ষ্য করে ভৌগোলিক ভিত্তিতে লক্ষ্যশ্রেণী নির্ধারণ করলে কর্মসূচি বাস্তবায়ন ফলপ্রসূ হবে। সেমিনারে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বলেন, আসন্ন বাজেটে কৃষি ও গ্রামীণ অর্থনীতির সহায়তায় সরকারি ব্যয়ের মান উন্নয়নের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। বিদ্যুৎ খাতের উন্নয়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, "দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য বাজেটে বিদ্যুৎ খাতটিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।" বিআইডিএস এর মহাপরিচালক মুস্তফা কে মুজেরির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাউদ্দিন, ব্র্যাক এর নির্বাহী পরিচালক মাহবুব হোসেন ও বিআইডিএস'র গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২২৫৬ঘ.